গণভোটে পরাস্ত হলেন কানাডার অ্যালাবার্টা প্রদেশের স্বাধীনতাপন্থীরা। সেখানকার ৭৬ শতাংশ ভোটার কানাডার সঙ্গে যুক্ত থাকার পক্ষেই রায় দিয়েছেন।
অন্য দিকে, স্বাধীনতাপন্থী গোষ্ঠী ‘আলবার্টা প্রসপারিটি প্রজেক্ট’-এর পেশ করা প্রস্তাবের পক্ষে পড়েছে ২৪ শতাংশ ভোট।
স্বাধীনতার প্রশ্নে আলাদা করে ‘বাধ্যতামূলক গণভোট’ আয়োজন করা হবে কি না, তা নিয়ে গত সোমবার (১৯ অক্টোবর) গণভোট হয়েছিল। ভোট পড়েছিল প্রায় ১৮ লাখ।
মঙ্গলবার (২০ অক্টোবর) ফলাফল প্রকাশিত হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ফলাফলকে স্বাগত জানিয়ে বলেন, ‘আলবার্টার জনগণ স্পষ্টতই জাতীয় ঐক্যের পক্ষে রায় দিয়েছেন।’
আলবার্টার প্রিমিয়ার (প্রাদেশিক সরকারের প্রধান বা মুখ্যমন্ত্রী) ড্যানিয়েল স্মিথ বলেন, ‘এই ফলাফল সন্তোষজনক। আমাদের এবার ঐক্যবদ্ধ কানাডার মধ্যে শক্তিশালী আলবার্টা গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করতে হবে।’
স্বাধীনতাপন্থী গোষ্ঠী ‘আলবার্টা প্রসপারিটি প্রজেক্ট’-এর নেতারা পরাজয় মেনে নিলেও কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন।
সংগঠনের নেতা জেফরি রাথের দাবি, ফলাফল যাই হোক না কেন, বিপুল সংখ্যক মানুষ তাদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
প্রসঙ্গত, আশি এবং নব্বইয়ের দশকে দু’বার কানাডার ফরাসিভাষী কুইবেক প্রদেশে স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়েছিল।
কিন্তু দু’বারই স্বাধীনতাপন্থীরা পরাস্ত হন। ১৯৯৫-এর গণভোটে ১ শতাংশের সামান্য বেশি ব্যবধানে (৫০.৫৮ শতাংশ এবং ৪৯.৪২ শতাংশ) বিচ্ছিন্নতার প্রস্তাবটি বাতিল হয় এবং কুইবেক কানাডার অংশ হিসেবেই থেকে যায়।
-এমএমএস




