সৌদি আরব থেকে সামরিক সহায়তার কোনও অনুরোধ এলে তা অনুমোদনের ক্ষমতা পেতে জরুরি সংসদ অধিবেশন আহ্বান করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
শনিবার (১৭ অক্টোবর) মিশরীয় মিলিটারি একাডেমির এক সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশটির নিরাপত্তা রক্ষায় কায়রোর সম্পূর্ণ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। খবর আল জাজিরার।
আল-সিসি বলেন, ‘বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশ অনুযায়ী সৌদি আরবকে রক্ষা করার জন্য মিশর যেকোনও পদক্ষেপ গ্রহণ করবে।
আমি জানি যে এই বিষয়টির জন্য মিশরীয় সংসদের অনুমোদনের প্রয়োজন রয়েছে। তাই যদি আমাদের কাছে এমন কোনও অনুরোধ আসে, তবে আমি আশা করি সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের এই অনুমোদন প্রদান করবে।’
তিনি যোগ করেন, ‘আমি কাউকে আক্রমণ বা কারও সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যে কথা বলছি না। আমি কেবল আত্মরক্ষার স্বার্থেই কথা বলছি।’
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার মধ্যে এই ঘোষণা দিলেন আল-সিসি।
সম্প্রতি সৌদি আরবের ওপর হুতিদের চালানো হামলাগুলো মূলত রাজধানী রিয়াদের উপকণ্ঠের মূল অবকাঠামোগুলোকে লক্ষ্য করে পরিচালিত হলেও সেগুলো ধীরে ধীরে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে হচ্ছে।
চলতি মাসের শুরুতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ১৪ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। এ ছাড়া দাম্মাম, আবহা, জিজান এবং নাজরানসহ অন্যান্য বিমানবন্দরেও হুতিদের হামলার খবর পাওয়া গেছে।
এর আগে গত মাসে কায়রোতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে লোহিত সাগরে নিরাপদ ও অবাধ নৌ-চলাচলের জন্য সৌদি আরবের আহ্বানকে জোরালো সমর্থন জানিয়েছিলেন আল-সিসি।
সেসময় মিশরের প্রেসিডেন্সির এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা মিশরের জাতীয় নিরাপত্তারই একটি অবিচ্ছেদ্য অংশ।’
-এমএমএস




