অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এ ঘটনায় ফ্রান্সের এক মেয়র আহত হয়েছেন। হামলায় বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনের তাইবেহ গ্রামের কাছে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণে যাওয়া একটি প্রতিনিধিদলের ওপর হামলা চালায় বসতি স্থাপনকারীরা।
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, হামলার শিকার ব্যক্তিদের মধ্যে ফিলিস্তিনি অঞ্চলে নিযুক্ত বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিরা ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে প্রেভো বলেন, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষের দায়িত্ব ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া এবং হামলাকারীদের বিচারের আওতায় আনা জরুরি। তিনি সহিংস বসতি স্থাপনকারীদের দায়মুক্তি বন্ধের আহ্বান জানান।
হামলায় আহত ফরাসি মেয়র বার্নার্ড বোডক্স বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনা থেকে বসতি স্থাপনকারীদের সহিংসতার বিষয়ে ইসরাইলি সরকারের একধরনের সম্মতির ইঙ্গিত পাওয়া যায়।
এদিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারীদের ‘ইসরাইলি দাঙ্গাবাজ’ হিসেবে আখ্যায়িত করেন। তবে তার দাবি, ইউরোপীয় কর্মকর্তারা ইসরাইলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই ওই গ্রামে গিয়েছিলেন।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
এর আগে, শুক্রবার (১৬ অক্টোবর) রামাল্লার উত্তরে এক মার্কিন সাংবাদিকের ওপরও হামলা চালিয়েছিল ইসরাইলি বসতি স্থাপনকারীরা। পরপর এসব হামলার ঘটনায় অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক, সাংবাদিক ও বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা
/এএস




