শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিজেপি নেতার মন্তব্যে সমালোচনার ঝড়

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধলে পাকিস্তানের পক্ষে থাকবে ভারত’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পিএম

শেয়ার করুন:

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বাধলে পাকিস্তানের পক্ষে থাকবে ভারত’

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধলে ভারত পাকিস্তানের পাশে থাকবে—এমন মন্তব্য করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজস্থান রাজ্য শাখার সভাপতি মদন রাঠোর। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জয়পুরে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। 

রাজ্যসভার সাংসদ রাঠোর বলেন, ‘যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে, কারণ তারা আমাদের প্রতিবেশী। কিন্তু যখন আমাদের মধ্যে (ভারত ও পাকিস্তানের মধ্যে) অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারতীয়দের নিজেদের দেশের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো উচিত’।

এদিকে রাঠোরের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। 

বিরোধী দলগুলোর নেতারা প্রশ্ন তোলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে বিজেপির একজন গুরুত্বপূর্ণ রাজ্য নেতার এমন বক্তব্যের অর্থ কী এবং এটি ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না?

কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ রাঠোরের মন্তব্যের সমালোচনা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান জানতে চান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বক্তব্যের সঙ্গে একমত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

আম আদমি পার্টি (আপ) নেতারাও বিষয়টি নিয়ে রাঠোরের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিতর্কের মুখে রাঠোর ব্যাখ্যা দেন, তার বক্তব্যের একটি অংশ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

বিজেপির এই নেতা দাবি করেন, তিনি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রসঙ্গ তুলেছিলেন এবং খেলার পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন। তার বক্তব্যের শেষের অংশ আলাদা করে প্রচার করায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও দাবি করেন রাঠোর।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই সীমান্ত বিরোধ, নিরাপত্তা উদ্বেগ এবং সন্ত্রাসবাদ নিয়ে পারস্পরিক অভিযোগের কারণে উত্তেজনাপূর্ণ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্ভাব্য সংঘাত নিয়ে কোনো ভারতীয় রাজনৈতিক নেতার মন্তব্য স্বাভাবিকভাবেই কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে উঠেছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর