বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইসরায়েলগামী বিমানে বাংলাদেশি পাইলট নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

শেয়ার করুন:

ইসরায়েলগামী বিমানে বাংলাদেশি পাইলট নিষিদ্ধ!

ফ্লাইদুবাই কাণ্ডের পর বেশ আতঙ্কে আছে দখলদার ইসরায়েল। মুসলিম এবং তাদের সঙ্গে বন্ধুত্ব নেই এমন কোনও দেশের পাইলটকে যাতে তাদের দেশে না পাঠানো হয়, আগেই সেই সংক্রান্ত নির্দেশিকা তারা জারি করেছিল। 

এবার তা কঠোরভাবে কার্যকর করা শুরু হয়েছে। ইসরায়েলের বিধিনিষেধ পালন করতে শুরু করেছে বিদেশি বিমান সংস্থাগুলিও। 

সম্প্রতি ফ্রান্সের বিমান সংস্থা এয়ার ফ্রান্স বাংলাদেশ, পাকিস্তান-সহ ৩১টি দেশের পাইলটদের ইসরায়েলগামী বিমানের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। 

ওই তালিকায় সবার উপরে আছে ভারতের প্রতিবেশী বাংলাদেশ। শুধু এয়ার ফ্রান্স নয়, আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স এবং আরও কিছু সংস্থা ইসরায়েলের নির্দেশিকা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার কথা জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বিমানসংস্থা ফ্লাইদুবাইয়ের তেল আবিবগামী একটি বিমানে গত ৩০ সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বিমানটির সহকারী পাইলট হামাম আল-হাম্মামি ছিলেন ওমানের নাগরিক। তিনি ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর ককপিটের ভিতরেই ছুরি নিয়ে চড়াও হন। অভিযোগ উঠে, ক্যাপ্টেনকে মেরে বিমানটি তেল আবিব নিয়ে গিয়ে বিমানবন্দরের অন্য কোনও বিমানের সঙ্গে বা কোনও গগনচুম্বী ইমারতের সঙ্গে সংঘর্ষ ঘটানোর পরিকল্পনা ছিল তার। 

অভিযুক্ত পাইলট এখন তদন্তকারীদের হেফাজতে। তার পরিকল্পনা সফল হয়নি। কিন্তু ওই ঘটনার পরেই কূটনৈতিক বন্ধুত্বহীন রাষ্ট্রগুলির পাইলটদের ইসরায়েলে না-পাঠানোর নিয়মটি কার্যকর করতে তৎপর হয়েছে বেনইয়ামিন নেতানিয়াহুর সরকার। পুরনো নির্দেশিকাটি নতুন করে প্রকাশ করা হয়েছে।

এয়ার ফ্রান্স যে সব দেশের পাইলটদের ইসরায়েলগামী বিমান থেকে নিষিদ্ধ করেছে, তার মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলজিরিয়া, সৌদি আরব, ব্রুনাই, কলম্বিয়া, উত্তর কোরিয়া, কোমোরোস, কিউবা, জিবুতি, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, মরিটানিয়া, নিকারাগুয়া, নাইজার, ওমান, কাতার, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। 

ইউনাইটেড এয়ারলাইন্সের তালিকায় আবার ২৯টি দেশের নাম রয়েছে। এ ছাড়া, চেকোস্লোভাকিয়ার বৃহত্তম বিমান সংস্থা স্মার্টউইংসও ইজ়রায়েলের বিধিনিষেধ মেনে চলার কথা ঘোষণা করেছে। 

তবে এখনও পর্যন্ত তার জন্য তাদের বিমানের সূচির কোনও পরিবর্তন করতে হয়নি। আগে থেকে নির্দেশিকা জারি করা থাকলেও তা কার্যকর করা হচ্ছে কি না, ইসরায়েলের তরফে তার উপর কোনও নজরদারি ছিল না বলে অভিযোগ। 

এ নিয়ে সে দেশের শিন বেত নিরাপত্তা সংস্থা যথেষ্ট সমালোচিত হয়েছে। পরিবহণ মন্ত্রলালয়ও মেনে নিয়েছে গাফিলতি। ফ্লাইদুবাইয়ের ওই ঘটনার পর ইথিওপিয়ান এয়ারলাইন্সের উপর মঙ্গলবার প্রথম কঠোর হয়েছে ইসরায়েল। 

ওই বিমানের পাইলট ইন্দোনেশিয়ার নাগরিক, যে দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের। বিমানটি ওড়ার পরেই ইসরায়েল জানিয়ে দেয়, ওই পাইলটকে পাঠানো যাবে না। 

পরে বিমানটি আবার ইথিওপিয়াতেই অবতরণ করে। পাইলট পরিবর্তনের পর তা তেল আবিবের উদ্দেশে রওনা দেয়।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর