শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইরান নিয়ে সুর বদল ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ এএম

শেয়ার করুন:

ইরান নিয়ে সুর বদল ট্রাম্পের, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে হামলা নিয়ে সুর বদলাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ করছে। 

তিনি ৩ নভেম্বরের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা না করার অঙ্গীকারও করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন।

ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে।

‘৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা ইরানে হামলা চালাব না।’

যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ইরানে আবারও বড় ধরনের অভিযান শুরুর জন্য সামরিক বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

তবে মার্কিন প্রতিরক্ষা দফতর ওই হামলার নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করেনি।

ইরানের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় থাকায় যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মনে করছে পেন্টাগন।

মার্কিন গণমাধ্যমগুলোর ভাষ্য, এখন সহজ বা কঠিন যেকোনো উপায়ে যুদ্ধ শেষ করতে পারবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো, সেটাই করবেন ট্রাম্প।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনবাশিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক। ছবি- এএফপি
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনবাশিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক। ছবি- এএফপি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে বৈঠকে পুতিন বলেন, পরিস্থিতির সমাধানে অবদান রাখতে রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরান প্রকৃত প্রচেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, পেজেশকিয়ান বলেছেন, সংঘাতের কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা থেকে ইরান পিছিয়ে যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও নতুন হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। তা সত্ত্বেও আলোচনার টেবিল থেকে সরে না যাওয়ার কথা জানান পেজেশকিয়ান।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের আগে দুই নেতা তুর্কমেনিস্তানে বৈঠক করেন।

এ ছাড়াও ইরানের বর্তমান আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরকার যুক্তরাষ্ট্রের হামলার হুমকির পাল্টা  হুঁশিয়ারিও দিয়ে আসছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তেহরানে সরকারপন্থী এক সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি পোস্টার হাতে বিক্ষোভকারী।  ছবি- এপি
বৃহস্পতিবার (৮ অক্টোবর) তেহরানে সরকারপন্থী এক সমাবেশে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি পোস্টার হাতে বিক্ষোভকারী।  ছবি- এপি

ইরানের অস্ত্র উৎপাদন যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় আড়াই গুণ বেড়েছে

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এও জানিয়েছে, অস্ত্র উৎপাদন যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় আড়াই গুণ বেড়েছে এবং এই উৎপাদন একটি ‘টেকসই ও দীর্ঘায়িত যুদ্ধের’ জন্য যথেষ্ট।

গত ফেব্রুয়ারিতে ইরানে সর্বাত্মক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে।

যদিও যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চলছে। সাময়িক যুদ্ধবিরতি সই হলেও বারবার তা ভেঙেছে দুপক্ষ।

যুদ্ধের শুরু থেকে বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ আছে। এতে মধ্যপ্রাচ্য থেকে দেশে দেশে তেলসহ জ্বালানি পণ্যের সরবরাহ মারাত্মভাবে ব্যাহত হয়েছে। বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানির দাম। সূত্র- আল জাজিরা ও রয়টার্স

এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর