মিসর, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে দুই বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতর এ বিষয়ে কংগ্রেসকে জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, কুয়েত প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে দেশটির ব্যবহৃত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ কিনবে। খবর মিডলইস্ট আইয়ের।
অন্যদিকে, মিসর যুক্তরাষ্ট্রের কাছ থেকে দুই হাজারের বেশি এফজিএম-১৪৮ জ্যাভেলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র এবং সর্বোচ্চ ২০০টি জ্যাভেলিন লঞ্চ ইউনিট কিনবে।
চুক্তির আওতায় সিমুলেশন রাউন্ড, খুচরা যন্ত্রাংশ ও মার্কিন সরকারের কারিগরি সহায়তাও থাকবে। এ চুক্তির আনুমানিক মূল্য ৮৩২ মিলিয়ন ডলার।
তবে তিন দেশের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র চুক্তিটি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। দেশটি সর্বোচ্চ ১০ হাজার এপিকেডব্লিউএস-২ লেজার-নির্দেশিত অস্ত্র ব্যবস্থা কিনবে।
আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলে— দুই ধরনের অভিযানে ব্যবহারের উপযোগী এসব অস্ত্রের চুক্তির মূল্য আনুমানিক ১.০৪ বিলিয়ন ডলার।
সম্প্রতি এসব অস্ত্র বিক্রির অনুমোদনের বিষয়টি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, এসব অস্ত্র ও সামরিক সহায়তা সরবরাহ করা হলেও মধ্যপ্রাচ্যের বিদ্যমান সামরিক ভারসাম্যে মৌলিক কোনো পরিবর্তন হবে না।
-এমএমএস




