মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৪ 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৪ 

রাশিয়ার মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ইয়ারোস্লাভল অঞ্চলের কুব্রিনস্ক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ইয়ারোস্লাভল অঞ্চলটি মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

তাস আরও জানিয়েছে, দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আতশবাজি কারখানায় আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে।

তাস আরও জানায়, আগুন নেভানোর কাজে শতাধিক জরুরি সেবাকর্মী অংশ নিয়েছিলেন। কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তদন্তকারীরা ঝুঁকিপূর্ণ উৎপাদন কেন্দ্রে কর্মক্ষেত্রের নিরাপত্তা বিধি লঙ্ঘনের সন্দেহে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

রুশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ম্যাক্স'-এ জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে যে, আগুন পুরোপুরি নেভানো হয়েছে এবং কর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি স্থাপনা থেকে স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে।

রাশিয়ায় প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে। দেশটির কর্মকর্তারা অনেক সময় এসব দুর্ঘটনার জন্য নিরাপত্তাব্যবস্থার ঘাটতিকে দায়ী করেন।

ইয়ারোস্লাভল অঞ্চলের প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, শিল্পকারখানার নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর