ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে লোহিত সাগরে বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার করলেও তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন হুথিদের সামরিক উপদেষ্টা আবেদ মোহাম্মদ আল-থাওর।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইয়েমেনের চলমান সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করলে অথবা বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে সেটিকে ‘লাল রেখা’ হিসেবে বিবেচনা করবে হুথিরা। এ ধরনের পরিস্থিতিতে গোষ্ঠীটি লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
আল-থাওর বলেন, ‘যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠিয়ে সামরিকভাবে হস্তক্ষেপ করার দুঃসাহস দেখায় কিংবা বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তাহলে তা হবে চরম সীমা লঙ্ঘন। আমরা এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব।’
তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেস, ‘যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে বিমান হামলা বা অন্যান্য সামরিক সহায়তা দেয়, তাহলে আশপাশের মার্কিন স্বার্থকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।’ একই সঙ্গে মার্কিন জাহাজের জন্য বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকিও দেন হুথিদের সামরিক উপদেষ্টা।
প্রসঙ্গত, বাব আল-মান্দাব বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়। ফলে প্রণালিটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও আঞ্চলিক বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সংঘাত নতুন করে তীব্র হয়েছে। সৌদি আরবের সঙ্গে হুথিদের লড়াইয়ের পাশাপাশি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাও পরিস্থিতিকে জটিল করেছে।
তবে আল-থাওর এএফপিকে বলেছেন, ইরান তাদের মিত্র হলেও হুথিদের সিদ্ধান্ত সরাসরি নির্দেশ দেয় না এবং তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেন বলে দাবি করেন তিনি।
হুথিদের সামরিক উপদেষ্টা বলেন, ‘যতক্ষণ সৌদি আরব আমাদের দেশে হত্যাযজ্ঞ ও জনসাধারণের ওপর হামলা চালিয়ে যাবে, আমরাও লৌহমুষ্টিতে তার জবাব দিয়ে যাব। তেল খাত ও অর্থনৈতিক শিল্পে সৌদি আরবকে শায়েস্তা করার, শাস্তি এবং মাঠ থেকে ছিটকে দেওয়ার পর্যাপ্ত সক্ষমতা আমাদের রয়েছে।’
অন্যদিকে সৌদি আরব হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদারের চেষ্টা করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সৌদি নেতৃত্বাধীন বাহিনী ইয়েমেনে সামরিক অভিযান চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও সহায়তা চেয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সহায়তার আহ্বান নাকচ করে দিয়েছেন।
এদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে চলমান সংঘাতের কারণে দেশটিতে নতুন করে গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ লাখ ৩০ হাজারে দাড়িয়েছে। আগামী কয়েক মাসে বেড়ে ২ লাখ ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
এছাড়াও বাব আল-মান্দাবের মতো গুরুত্বপূর্ণ নৌপথে কোনো ধরনের সামরিক সংঘাত হলে এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক নৌবাণিজ্যেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: ডন, রয়টার্স
এমএইচআর




