সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে চালানো হুথির ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
একইসঙ্গে সৌদি আরবের প্রতি সংহতি এবং দেশটির সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেছে আঙ্কারা। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি সাফাকের।
এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে হুথিদের চালানো ড্রোন হামলার আমরা তীব্র নিন্দা জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, "আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এসব হামলা অবিলম্বে বন্ধ করার এবং উত্তেজনা আরও বাড়াতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান আমরা পুনর্ব্যক্ত করছি।"
তুরস্কের যোগাযোগ বিষয়ক পরিচালক বুরহানেত্তিন দুরানও সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
তিনি এটিকে ইসলামের পবিত্রতম নগরীর মর্যাদার ওপর এক ঘৃণ্য আঘাতের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।
দুরান বলেন, "মক্কার পবিত্রতা ও নিরাপত্তাকে লক্ষ্য করে চালানো ঘৃণ্য ড্রোন হামলার প্রচেষ্টার আমি তীব্র নিন্দা জানাই।"
তিনি উল্লেখ করেন যে, ইসলামের পবিত্র স্থানগুলোর ওপর যেকোনো হামলা মুসলিম বিশ্বের সম্মিলিত বিবেককে আহত করে এবং মক্কার শান্তি রক্ষা করা সবার জন্য একটি অভিন্ন অগ্রাধিকার।
সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ধ্বংস করার পর এসব বিবৃতি এল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মক্কার দক্ষিণে ড্রোনটি পবিত্র নগরীর আকাশসীমায় প্রবেশের আগেই তা প্রতিহত ও ধ্বংস করা হয়।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেন যুদ্ধকবলিত হয়ে পড়ে। এ
র ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি-নেতৃত্বাধীন জোট সেখানে হস্তক্ষেপ করে।
অন্যদিকে, বিদ্রোহী গোষ্ঠীটি—যারা জুলাই মাসে রিয়াদের বিরুদ্ধে সমুদ্রপথ অবরোধের ঘোষণা দিয়েছিল—সম্প্রতি লোহিত সাগরের উপকূলে নিজেদের নিয়ন্ত্রণ দাবি করছে।
-এমএমএস




