সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩ শতাংশ

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ড্রোন হামলা এবং হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বার্তা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৪ মিনিটে (গ্রিনিচ মান সময়) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৪৩ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ০৪ ডলারে দাঁড়ায়।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪৯ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৫৪ ডলারে পৌঁছায়।

এর আগে গত সপ্তাহেই মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় তেলের দাম প্রায় ৯ শতাংশ বেড়েছিল। ব্রেন্টের দাম জুলাইয়ের পর প্রথমবারের মতো ১০০ ডলার ছাড়িয়ে প্রায় ১১০ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিজেলের খুচরা দামও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

রয়টার্স জানিয়েছে, নতুন করে উদ্বেগের বড় কারণ হয়ে উঠেছে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন। ড্রোন হামলার পর পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবকে হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের বাব আল-মান্দাব হয়ে রিয়াদকে তেল রফতানির সুযোগ দেয়।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, পাইপলাইনটি দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে ।  

শিল্প খাতের তিনটি সূত্র জানিয়েছে, পাইপলাইন বন্ধ থাকলে সৌদি আরবের লোহিত সাগর তীরের ইয়ানবু বন্দরে মজুত তেল দিয়ে মাত্র পাঁচ থেকে সাত দিন রফতানি চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে। তবে পাইপলাইনটি মেরামতে কত সময় লাগবে, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে হরমুজ প্রণালিতে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। 

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা— ইউকেএমটিও জানিয়েছে, হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং ক্রুদের সরিয়ে নিতে হয়। 

ইরান জানিয়েছে, দেশটির উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

অন্যদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিরাও সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। 

রয়টার্স জানিয়েছে, শুক্রবার বাব আল-মান্দাব প্রণালির গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা। এই প্রণালি লোহিত সাগর ও ভারত মহাসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এর নিয়ন্ত্রণ বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

এদিকে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে নির্ধারিত বৈঠকও স্থগিত করা হয়েছে বলে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি। ফলে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আপাতত আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে। বাজারে ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১২০ ডলারের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

সূত্র: রয়টার্স

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর