মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

দিল্লিতে ফের 'তেলাপোকাদের' আন্দোলনে নামার ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১০:২৩ এএম

শেয়ার করুন:

দিল্লিতে ফের 'তেলাপোকাদের' আন্দোলনে নামার ঘোষণা 

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরের আন্দোলন থেকে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবি পূরণ হওয়ার পর প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছিল ককরোচ (তেলাপোকা) জনতা পার্টি (সিজেপির)। 

তবে এর ঠিক চার সপ্তাহ পর সোমবার (২৪ আগস্ট) দেশটির সরকার তাদের ‘দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি’ অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে সংগঠনটি। খবর এনডিটিভির।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে চলতি বছরের শুরুতে আত্মপ্রকাশ করা এই ব্যঙ্গাত্মক সংগঠনটি বর্তমানে রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েছে। 

সোমবার এক বিবৃতিতে সিজেপি বলেছে, তাদের এই পদযাত্রা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদরদপ্তরে গিয়ে শেষ হবে।

সিজেপির এই পদযাত্রায় দেশটির সরকারের সঙ্গে নতুন করে সংঘাত পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছিল সিজেপি। 

একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়, সে বিষয়ে সরকারের প্রতিশ্রুতি চেয়েছিল তারা।

সরকার এসব দাবি পূরণে সম্মতি দেওয়ায় সেই সময় আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই গোষ্ঠীটি বলছে, প্রশ্নপত্র ফাঁসের পর প্রাণ হারানো নিট পরীক্ষার্থীদের মা-বাবারাই এই পদযাত্রার নেতৃত্ব দেবেন।

বিবৃতিতে সিজেপি বলেছে, ‌‌গত ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকারের ব্যর্থতার কারণে নিহত নিট পরীক্ষার্থীদের পরিবার ও পুলিশি সহিংসতার শিকার ব্যক্তিদের নেতৃত্বে আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদরদপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা করা হবে।

২০২৬ সালের ২৫ জুলাই এ দেশটির তরুণদের দেওয়া সব অঙ্গীকার ভারত সরকার এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলো কীভাবে বাস্তবায়ন করছে, তা পর্যালোচনার জন্য আজ ককরোচ জনতা পার্টির (সিজেপি) জাতীয় কার্যনির্বাহী কমিটি বৈঠকে বসেছিল। 

ওই অঙ্গীকারের ওপর ভিত্তি করেই ভারতব্যাপী তরুণদের আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে কার্যনির্বাহী কমিটির সদস্যরা সরকার আদৌ তাদের দেওয়া কথা রাখতে চায় কি না, সেই বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন।

প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার কালক্ষেপণ করছে, কৌশলগত অযুহাত দিচ্ছে এবং পরিষ্কার প্রতিশ্রুতি দেওয়া থেকে দূরে থাকছে বলে অভিযোগ করেছে সিজেপি।

সিজেপি বলেছে, সুপ্রিম কোর্ট সরকার পক্ষকে মামলা প্রত্যাহারের সুবিধার জন্য আন্দোলনকারীদের বিরুদ্ধে সারাদেশে রুজু হওয়া এফআইআরের তালিকা চেয়েছিল, কিন্তু সরকার তা সরবরাহ করেনি।

বিবৃতিতে বলা হয়েছে, তা সত্ত্বেও সরকার তালিকা দেওয়ার কোনো স্পষ্ট অঙ্গীকার করতে অস্বীকার করেছে। সিজেপির কাছে লিখিত আশ্বাস দেওয়ার বিষয়টিও সরকারের পক্ষ থেকে এখনও বাকি রয়েছে।

সংগঠনটি শিক্ষার্থী, যুব সংগঠন ও তরুণ নাগরিকদের বিশাল সংখ্যায় ইন্ডিয়া গেটে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে। সিজেপি স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের টানা কয়েক সপ্তাহের তীব্র আন্দোলনের পর গত মাসে পদত্যাগ করেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করায় সেই সময় দিল্লি পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। 

ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত হন এবং আন্দোলন চরম আকার ধারণ করে। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছিলেন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর