ভারতের ওড়িষা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশিসহ ২৪ জন নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
পানামার পতাকাবাহী জাহাজ এমভি ওশেন উইনারের নাবিকদের মধ্যে ২০ চীনের, তিনজন মিয়ানমারের ও একজন বাংলাদেশের নাগরিক ছিলেন।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২ হাজার ১০০ মেট্রিক টন লৌহ আকরিকের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে জাহাজটিতে ভরা হয়েছিল।
এমভি ওশেন উইনার ২০ অগাস্ট স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে রওনা হয়েছিল।
এনডিটিভি জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার ২২ অগাস্ট স্থানীয় সময় সকাল ১১টা ৪৮ মিনিটে জানতে পারে যে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
জাহাজটির পরিচালনা কোম্পানি ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড জাহাজটির বিষয়ে সতর্কতা জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ জানায়।
খবর পাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করেছে। ভারতের একজন ঊর্ধ্বতন আইপিএস কর্মকর্তা পিটিআইকে বলেছেন, কতজন নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছে তা নিশ্চিত নই আমরা।
তিনি জানান, বঙ্গোপসাগরের ওই এলাকায় থাকা অন্য জাহাজগুলোকে ঘটনাটি জানিয়ে উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ ও আনমোলকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। বিজিত নামের তৃতীয় আরেকটি জাহাজ এই অভিযানে সাহায্য করতে শ্রী বিজয়া পুরম থেকে রওনা হয়েছে।
এআরএম




