শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের ‘মূলহোতা’ দুই বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ায় পাসপোর্ট জালিয়াতি চক্রের ‘মূলহোতা’ দুই বাংলাদেশি গ্রেফতার

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের পাসপোর্ট জালিয়াতি চক্রের মূলহোতাসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, বুধবার সকাল ১১.৩০ মিনিটে কুয়ালালামপুরের তামান ওয়াহ্যু ও কাম্পুং বাতুতে দুটি আবাসিক ইউনিটে অভিযান চালিয়ে ২৯ ও ৩২ বছর বয়সী ওই দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, পাসপোর্ট জালিয়াতি ও বিকৃতির অভিযোগে গত ৫ আগস্ট গ্রেফতার হওয়া তিনজন ইন্দোনেশীয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ এক সপ্তাহব্যাপী নজরদারির শেষে এই অভিযানটি চালায়। অভিযানে ২টি আসল ও ৯টি জাল বাংলাদেশি পাসপোর্ট, প্রায় ৭০০টি পাসপোর্টের পৃষ্ঠা এবং বিভিন্ন দেশের প্রায় ৩০০টি ভুয়া পাসপোর্টের কভার জব্দ করা হয়েছে।

এছাড়াও জালিয়াত চক্রের আস্তানা থেকে ২টি ল্যাপটপ, ৩টি মোবাইল, ১টি প্রিন্টার, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের জাল ইমিগ্রেশন সিল এবং বাংলাদেশ (ঢাকা) ও ইন্দোনেশিয়ার বিমানবন্দর থেকে প্রস্থানের ভুয়া সিল উদ্ধার করা হয়েছে।

জাকারিয়া বলেন, চক্রটির কাছে প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষতা থাকলে একটি জাল পাসপোর্ট তৈরি করতে মাত্র কয়েক মিনিট সময় লাগতে পারে। জব্দ করা সরঞ্জামের পরিমাণ অনুযায়ী চক্রটির কাছে প্রায় ২ হাজার জাল পাসপোর্ট তৈরির সক্ষমতা ছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, চক্রটি মূলত ফোমেমা বা স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত বিদেশি শ্রমিকদের টার্গেট করত। এসব শ্রমিকদের পাসপোর্টের ছবি পরিবর্তন করে অন্য একজন সুস্থ ব্যক্তিকে সেই পরিচয়ে পুনরায় স্বাস্থ্য পরীক্ষায় পাঠাত। এক্ষেত্রে এই চক্রটি প্রকাশ্যে কোনো বিজ্ঞাপন দিত না। তারা ফ্রিল্যান্স এজেন্ট এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করত।

জাকারিয়া বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, এই পাসপোর্ট জালিয়াতি চক্রে ওই দুই বাংলাদেশি মূল হোতা ছিল। এর মধ্যে সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী প্রায় নয় বছর ধরে মালয়েশিয়ায় অবস্তান করছেন। তদন্তকারীরা তার একটি ই-ওয়ালেট অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ রিঙ্গিতও উদ্ধার করেছেন, যা অবৈধ কার্যক্রম থেকে অর্জিত অর্থ বলে মনে করা হচ্ছে।’

আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬-এর সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সূত্র: নিউ স্ট্রেইট টাইমস, ফ্রি মালয়েশি টুডে

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর