যুক্তরাষ্ট্র ও ইরানকে নতুন করে ‘আলোচনার টেবিলে’ ফিরিয়ে আনতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে পাকিস্তান সর্বাত্মক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১২ আগস্ট) ইসলামাবাদে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি।
তিনি জানান, গত সোমবার (১০ আগস্ট) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও উপ-পররাষ্ট্রমন্ত্রী ইরান, সৌদি আরব এবং কুয়েতের কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। এসব আলোচনায় মধ্যপ্রাচে ‘শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা’ নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেছেন তারা।
মুখপাত্র আরও বলেস, বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও তেহরান সফরে রয়েছেন। তার এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহাল এবং হরমুজ প্রণালি সংক্রান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের প্রচেষ্টার অংশ হিসেবেই এসব কূটনৈতিক প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে সম্প্রতি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ বিষয়ে কথা বলে তাহির আন্দ্রাবি।
এই চুক্তিকে সৌদি আরব ও তুস্ককের সাথে পাকিস্তানের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রয়াসেরই একটি অংশ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘এই চুক্তিটি সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক প্রকৃতির এবং এটি তিনটি সদস্য রাষ্ট্রগুলোর জন্য হুমকি ও নিরাপত্তা প্রতিবন্ধকতা মোকাবেলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার সুযোগ করে দেবে।’
সূত্র: আলজাজিরা, ডন
এমএইচআর




