পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির ৬ থেকে ৮ আগস্ট সৌদি আরব সফর করবেন বলে বৃহস্পতিবার (৬ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। খবর দ্য ডন ও আরব নিউজের।
তাদের সঙ্গে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, বৈঠকে পাকিস্তান-সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, কৌশলগত সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে।
উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
আন্দ্রাবি বলেন, এটি দুই দেশের দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করবে।
এর আগে চলতি বছরের এপ্রিলে শাহবাজ শরিফ সৌদি আরব সফর করেছিলেন। সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তায় সৌদি আরবের প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটে পাকিস্তান সমর্থন জানিয়েছে।
এছাড়া পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তা, বৈধ সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত সহযোগিতার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
-এমএমএস




