মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুথির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৭:২০ পিএম

শেয়ার করুন:

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলার দাবি হুথির
নাজরান বিমানবন্দর

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 

মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয় এক বিবৃতিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, ‘স্থানীয় সময় দুপুরের দিকে চালানো এই হামলায় ড্রোনটি নিখুঁতভাবে তার নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি দাবি করেন, সৌদি আরব সম্প্রতি ড্রোন ব্যবহার করে ইয়েমেনের সা’দা ও হাজ্জাহ প্রদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এরই পাল্টা জবাব হিসেবে দেশটির বিমানবন্দরে এই হামলা চালানো হয়।

হুথি মুখপাত্র সতর্ক করেছেন, ভবিষ্যতে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করা হলে তা কোনোভাবেই শাস্তিহীন বা জবাব ছাড়া পার পাবে না।

এদিকে হুথিদের এই ড্রোন হামলার দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলার জের ধরে হুথি বিদ্রোহী এবং সৌদি আরবের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। 

গত ২০ জুলাই হুথিরা লোহিত সাগরে সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর একটি ‘সামুদ্রিক অবরোধ’ ঘোষণা করে। এই অবরোধের অংশ হিসেবে লোহিত সাগরে চলাচলকারী সৌদি আরবের ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি তেলবাহী ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় গোষ্ঠীটি।

হুথিদের এই ‘বেপরোয়া’ পদক্ষেপের জবাবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট গত ২৪ ও ২৫ জুলাই হুথি-নিয়ন্ত্রিত বন্দরনগরী হোদেইদাহ এবং কামারান দ্বীপে ব্যাপক বিমান হামলা চালায়।

পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি বিমান হামলার পরপরই দেশটির লোহিত সাগর তীরবর্তী শহর ইয়ানবু ও জিজানে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকো-এর স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে হুথিরা। 

উল্লেখ্য, ২০২২ সাল থেকে দুই পক্ষের মধ্যে চলমান অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি এই পাল্টাপাল্টি হামলার মাধ্যমে ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বৃহত্তর উত্তেজনার অংশ হিসেবে এই সংঘাতকে দেখছেন বিশ্লেষকরা। 

সূত্র: আনাদোলু

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর