দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
সংস্থাটি বলছে, ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সীমানার কাছে অগভীর স্তরে ‘স্ট্রাইক-স্লিপ ফল্টিং’ অনুভূমিকভাবে সরে যাওয়ায় এই ভূমিকম্পগুলো হয়েছে।
স্ট্রাইক-স্লিপ ফল্টিং বলতে বোঝায়, দুটি প্লেটের মাঝের ফাটল বা ফল্ট বরাবর অনুভূমিকভাবে সরে যাওয়া। এই সরে যাওয়া দ্রুত ঘটলে ভূমিকম্প সৃষ্টি হয়।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থাটি আরও জানায়, ভূমিকম্প দুটির পেছনে জটিল ভূগর্ভস্থ ভাঙন প্রক্রিয়া কাজ করে থাকতে পারে এবং আরও আফটারশকের আশঙ্কা রয়েছে।
ভেনেজুয়েলা এমন একটি ভূকম্পনপ্রবণ অঞ্চলে অবস্থিত, যেখানে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকান-এই দুটি টেকটোনিক প্লেটের মিলন ঘটেছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পগুলোকে সাধারণত মানচিত্রে একটি নির্দিষ্ট বিন্দু হিসেবে দেখানো হলেও এ ধরনের বড় ভূমিকম্প আসলে একটি বৃহত্তর ফল্ট অঞ্চলে সৃষ্ট স্খলনের ফল।
সংস্থাটি আরও বলেছে, আজকের দুটি ভূমিকম্প সম্ভবত একটি জটিল ভূগর্ভস্থ ভাঙন ও পারস্পরিক প্রভাবের প্রক্রিয়ার ইঙ্গিত দেয়।
ভূমিকম্পের পর এখন পর্যন্ত ২০টি আফটারশক অনুভূত হয়েছে। আরও আফটারশকের আশঙ্কা রয়েছে। কিছু আফটারশক তীব্র কম্পন সৃষ্টি করতে পারে বলেও ইউএসজিএস সতর্ক করেছে।
এমআর




