মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে: আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে: আরাঘচি

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাগুলো দেখাচ্ছে এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সতর্কতা উচ্চারণ করে আরও বলেন, ‘ওয়াশিংটনকে সজাগ থাকতে হবে, যারা শুভাকাঙ্ক্ষী নয় তারা যাতে যুক্তরাষ্ট্রকে সংঘাতের আরেকটি গোলকধাঁধায় টেনে নিতে না পারে।’ তিনি সংযুক্ত আরব আমিরাতকেও একই পরামর্শ দেন।


বিজ্ঞাপন


হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘ফ্রিডম প্রজেক্ট’-কে একটি ‘অচলাবস্থা প্রকল্প’ বলেও আখ্যা দিয়েছেন আরাঘচি।

ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শতাধিক বিমান ও কয়েকটি ডেস্ট্রয়ার নিয়ে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচলে সহায়তা শুরুর উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই অভিযানের নাম দেন ‘প্রজেক্ট ফ্রিডম’।

এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে।

ফারসি ভাষায় এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধের মাধ্যমে নৌপরিবহন নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহকে বিপন্ন করেছে। তবে, তাদের এই অশুভ কর্মকাণ্ড ব্যর্থ হবে’।

গালিবাফ আরও বলেন, ‘আমরা ভালো করেই জানি যে স্থিতাবস্থার ধারাবাহিকতা আমেরিকার জন্য অসহনীয়, আর আমরা তো সবে শুরু করেছি।’ 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ‘ফ্রিডম প্রজেক্ট’ অভিযান হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

ইরান জানায়, তারা ডেস্ট্রয়ার লক্ষ্য করে গুলি চালিয়েছে। আর যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের দ্রুতগামী নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তবে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের নৌযান ধ্বংস হওয়ার দাবি অস্বীকার করেছে।

আর ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি মার্কিন জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে’।

হরমুজ প্রণালিতে এখনো জাহাজ চলাচল কম রয়েছে। কয়েক ঘণ্টা আগে জাহাজ পরিবহন কোম্পানি মায়েরস্ক ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের সুরক্ষায় তাদের একটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে।

তবে আইআরজিসি জানায়, গত রাতে হরমুজ প্রণালি দিয়ে কোনো বাণিজ্যিক বা তেলবাহী ট্যাংকার অতিক্রম করেনি।

সূত্র: বিবিসি 


এমএইচআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর