সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি, এগিয়ে ১৯৯ আসনে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৫:০২ পিএম

শেয়ার করুন:

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি, এগিয়ে ১৯৯ আসনে

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সময় যত গড়াচ্ছে, ততই যেন নির্বাচনে ইতিহাস গড়ার আরও কাছে যাচ্ছে বিজেপি। প্রাথমিক গণনায় বড় ব্যবধানে এগিয়ে থেকে সরকার গঠনের সুবাস পাচ্ছে দলটি। অন্যদিকে বিষাদের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে।

নির্বাচন কমশিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩টি আসনের মধ্যে ১৯৯টিতেই এগিয়ে আছে বিজেপি, আর ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল এগিয়ে আছে মাত্র ৮৮টি আসনে। এছাড়া ২টি করে আসনে এগিয়ে আছে বামপন্থি সিপিএম ও কংগ্রেস এবং ২টি আসনে অন্যান্য প্রার্থীরা।


বিজ্ঞাপন


এরআগে আজ সোমবার সকাল থেকে স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএম-এর কাউন্টিং শুরু হয়েছে। গণনায় দিনের শুরুতে তেমন পার্থক্য না থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিজেপি-তৃণমূল কংগ্রেসের ব্যবধান বাড়তে থাকে। এমনকি মমতা সরকারের হেভিওয়েট মন্ত্রীরাও বিজেপি প্রার্থীদের কাছে হেরে যাচ্ছেন। 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপাতত তৃণমূল সরকারের কমপক্ষে ১৫ জন বিদায়ী মন্ত্রী পিছিয়ে আছেন। যে তালিকায় আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট মন্ত্রীরা।

এদিকে এখনো আশা ছাড়তে নারাজ ১৫ বছর ক্ষমতায় থাকা মমতা বন্দ্যাপাধ্যায়। শেষ পর্যন্ত গণনা কেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 


বিজ্ঞাপন


সোমবার দুপুর এক ভিডিওবার্তায় মমতা বলেন, ‘দয়া করে কোনো (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান (পরিকল্পনা)।’

তিনি বলেন, ‘আমি গতকাল (রোববার) থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনো মিলই নেই।’

মমতা অভিযোগ করেন, ‘কেন্দ্র জোর করে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূলের ওপর অত্যাচার করছে। অফিস ভাঙছে। জোর করে দখল করছে। এসআইআরের নামে ভোট লুট করেছে।’

মমতার দাবি, এখনও তৃণমূল ১০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে। সেগুলো বলছে না কমিশন। তিনি বলেন, ‘ইলেকশন কমিশন নিজের ইচ্ছামতো খেলছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আমাদের পুলিশরা মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর হয়ে কাজ করছে।’

দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার বার্তা দিয়েছেন মমতা। তার কথায়, ‘মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড সবে কাউন্ট হল। ১৮-১৯ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনারা সবাই জিতবেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি’।

অন্যদিকে দল এগিয়ে যাওয়ার পর কলকাতার বিজেপি অফিসের সামনে ইতোমধ্যে উৎসব শুরু করেছেন কর্মী সমর্থকরা।

বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, বিজেপির নেতাকর্মীরা একে অপরের শরীরের রঙ মেখে দিচ্ছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন।

সূত্র: আনন্দবাজার, বিবিসি বাংলা

এমএইচআর

 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর