শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৫ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ, গ্রেফতার ১
নাহিদা এস বৃষ্টি ও জামিল লিমন। ছবি: ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দেশটির গণমাধ্যম ডব্লিউএফএলএ নিউজ চ্যানেল ৮ এ তথ্য জানায়। জামিল লিমন (২৭) ওই বিশ্ববিদ্যালয়ের ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন।


বিজ্ঞাপন


স্থানীয় পুলিশ এখনো নাহিদা বৃষ্টির (২৭) সন্ধান চালিয়ে যাচ্ছে। তিনি একই বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। গত ১৬ এপ্রিল তাদের শেষ দেখা যায় বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়েহকে (২৬) গ্রেফতার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার সকালে নিখোঁজ দুই শিক্ষার্থীর মামলার তদন্তে বিশ্ববিদ্যালয় থেকে এক মাইল দূরে লেক ফরেস্টের একটি আবাসিক এলাকা ঘিরে ফেলে পুলিশ। ওই এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু থেকে উদ্ধার হওয়া মানবদেহের অবশিষ্টাংশ জামিল লিমনের বলে শনাক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


শেরিফ কার্যালয় জানায়, ব্রুস বি. ডাউনসের লেক ফরেস্ট কমিউনিটির প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০টা ৩৬ মিনিটে সোয়াট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল ১১টা ৫৫ মিনিটে সন্দেহভাজন একজনকে আটকের খবর জানায় শেরিফ কার্যালয়। পরে তার পরিচয় প্রকাশ করা হয়।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে মিয়ামি কনস্যুলেট। কনস্যুলেটের এক প্রতিনিধি গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।

এর আগে পুলিশ জানায়, লিমনকে ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়। অন্যদিকে নাহিদা বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়।

এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর