সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অবস্থিত বিশ্বখ্যাত বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব আগামী দেড় বছরের জন্য বন্ধ রাখা হবে।
আইকনিক হোটেলটির সংস্কার কাজের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান জুমেইরাহ। বুধবার (১৫ এপ্রিল) এক ঘোষণায় বিষয়টি জানানো হয়। খবর খালিজ টাইমসের।
বিজ্ঞাপন
অভিজাত এই হোটেলটি দীর্ঘদিন ধরে বিশ্বের বিলাসবহুল আতিথেয়তার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। নৌকার পাল-আকৃতির অনন্য স্থাপত্যশৈলীর কারণে এটি দুবাইয়ের অন্যতম পরিচিত নিদর্শন।

সংস্কার প্রকল্পের আওতায় হোটেলের মূল নকশা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে এর অভ্যন্তরীণ সাজসজ্জায় আধুনিকতার ছোঁয়া আনা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো প্রক্রিয়াটি একটি শিল্পকর্ম পুনরুদ্ধারের মতোই যত্নশীলভাবে সম্পন্ন করা হবে।
এই প্রকল্পের নেতৃত্ব দেবেন প্যারিসভিত্তিক খ্যাতিমান ইন্টেরিয়র স্থপতি ট্রিস্টান আউয়ের। এর আগে তিনি হোটেল দে ক্রিলন-সহ একাধিক আলোচিত পুনরুদ্ধার প্রকল্পে কাজ করেছেন। দীর্ঘ যাচাই-বাছাই শেষে তাঁকেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
জুমেইরাহর প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস বি. মেয়ার বলেন, গত ২৭ বছর ধরে এই হোটেলটি নিজস্ব বৈশিষ্ট্যে অতিথিদের সেবা দিয়ে আসছে। সংস্কার কার্যক্রমের মাধ্যমে এর ঐতিহ্য সংরক্ষণ করে নতুন মাত্রা যোগ করা হবে।
তিনি আরও জানান, এই পুনর্গঠন প্রকল্প বুর্জ আল আরবের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং এর অনন্য নকশা ও মর্যাদাকে আরও সমৃদ্ধ করবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে চালু হওয়া বুর্জ আল আরব বর্তমানে বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল হিসেবে পরিচিত।
১৯৮টি স্যুটসমৃদ্ধ এই হোটেলের অভ্যন্তরে ব্যবহৃত হয়েছে মার্বেল, সোনার পাত এবং ক্রিস্টাল। এর বিশাল সর্পিল ঝাড়বাতিটি ২১০টি ক্রিস্টাল টিউব দিয়ে তৈরি, যার ওজন প্রায় ৪৫০ কিলোগ্রাম।
-এমএমএস




