বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্র-ইরানের অবিশ্বাস রাতারাতি দূর হবে না: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র-ইরানের অবিশ্বাস রাতারাতি দূর হবে না: ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রচুর অবিশ্বাস রয়েছে যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়।

তবে তিনি এ-ও বলেন যে, ইরানি আলোচকরা একটি চুক্তি করতে চেয়েছিলেন এবং তিনি "বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই সন্তুষ্ট"। খবর সিএনএন ও আল-জাজিরার।


বিজ্ঞাপন


টার্নিং পয়েন্ট ইউএসএ নামে একটি অনুষ্ঠানে ভ্যান্স এ কথা বলেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই প্রচুর অবিশ্বাস রয়েছে। আপনি রাতারাতি সেই সমস্যার সমাধান করতে পারবেন না।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এবং সম্ভাব্য শান্তি চুক্তির লক্ষ্যে দ্বিতীয় দফার আলোচনায় আবারও নেতৃত্ব দিতে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

আগামী সপ্তাহে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই এই সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারও এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকতে পারেন। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই এই দলটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।

জানা গেছে, যুদ্ধের একটি ‘সম্মানজনক প্রস্থান’ বা ডিপ্লোম্যাটিক অফ-র‍্যাম্প খুঁজে বের করার জন্য ট্রাম্প তার এই তিন শীর্ষ উপদেষ্টার ওপর পূর্ণ আস্থা রেখেছেন।

এদিকে গত শনিবার টানা ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর থেকে ভ্যান্স, উইটকফ এবং কুশনার ইরানি প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে বড় কিছু ঘটতে পারে।

যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যৎ আলোচনার বিষয়ে আলোচনা চলছে তবে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত করা হয়নি। 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী, তবে বৈঠকের চূড়ান্ত রূপরেখা এখনও প্রক্রিয়াধীন।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর