বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করল ইরান

হরমুজ প্রণালি খুলে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে ইরান। ইতোমধ্যেই ওয়াশিংটনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সব কূটনৈতিক যোগাযোগ স্থগিত করেছে তেহরান।

মঙ্গলবার ইরানি সরকার-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  


বিজ্ঞাপন


প্রতিবেদনে বলা হয়, ‘ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের সকল কূটনৈতিক ও পরোক্ষ পথ বন্ধ করে দিয়েছে। সব ধরনের বার্তা আদান-প্রদানও স্থগিত করা হয়েছে।’

ইরান এই পদক্ষেপটি এমন সময় নিয়েছে, যখন হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ট্রাম্পের দেওয়া সময়সীমার মাত্র কয়েক ঘণ্টা বাকি আছে। 

এদিকে যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেও ইরানকে ভয়াবহ একটি হুমকি দিয়েছেন ট্রাম্প।
 
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।’
 
ট্রাম্প বলেন, ‘আমি এটা চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এমনটাই হবে। তবে এখন যেহেতু সম্পূর্ণ ও সর্বাত্মক শাসনব্যস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান এবং কম উগ্র চিন্তাধারার মানুষেররা প্রাধান্য পাচ্ছে, হয়তো ভালো কিছু ঘটতে পারে।’ 

পোস্টের শেষে তিনি বলেছেন, ‘কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!’

ট্রম্পের এই হুমকির পরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ার করে, যুক্তরাষ্ট্র সীমা বা ‘রেড লাইন’ অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টা হামলা চালাবে তারা। 

এদিকে মঙ্গলবার সকালেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের সঙ্গে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে এই আলোচনা হতে পারে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

তিনি সময়সীমার আগের কয়েক ঘণ্টার কথা উল্লেখ করে বলেন, ‘ ইরানে ‌‌যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যগুলোর অধিকাংশই অর্জিত হয়েছে। এখন থেকে সেই সময়ের মধ্যে অনেক আলোচনা হবে এবং আমি আশাবাদী যে এর একটি ভালো সমাধান হবে’।

পৃথকভাবে একজন মার্কিন কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং তিনি এই আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘আমরা (ইরানের) সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখছি। সবকিছু ইতিবাচক হয়েছে। ভাগ্য সহায় হলে, দিনের শেষে আমরা একটা কিছু একটা পাব’।

অন্যদিকে সিএনএন এবং আলজাজিরার প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র-ইরান উভয় পক্ষের মধ্যে যোগাযোগ সচল রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র সিএনএনকে জানিয়েছে, দেশটির বেসামরিক ও সামরিক নেতৃত্ব একটি বড় ধরনের অগ্রগতি নিয়ে কাজ করছে।

সূত্রটি বলেছে, ‘পাকিস্তানের সমগ্র বেসামরিক-সামরিক নেতৃত্ব একটি যুগান্তকারী সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছে।’

সূত্র: এনডিটিভি

এমএইচআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর