যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালায়, তবে একইভাবে পাল্টা জবাব দিতে দ্বিধা করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এই অঞ্চলের বাইরেও ছড়িয়ে পড়বে, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল-গ্যাস থেকে বঞ্চিত করার হুমকিও দিয়েছে ইরান।
ইরান যদি হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সম্মত না হয়, তাহলে ‘মঙ্গলবার রাত ৮টার (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) মধ্যেই ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালাবেন বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
ট্রাম্পের এই হুমকির জবাবে মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘বিপ্লবী গার্ড বাহিনী আবারও ঘোষণা করছে, আমেরিকান সন্ত্রাসী সেনাবাহিনী যদি রেড লাইন অতিক্রম করে, তাহলে আমাদের পাল্টা জবাব এই অঞ্চলের সীমানার বাইরে বিস্তৃত হবে।’’
আইআরজিসি আরও বলেছে, ‘আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোর ওপর এমনভাবে আঘাত হানব, যা তাদের এবং তাদের মিত্রদের বহু বছর ধরে এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে। তারা যদি আমাদের অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে আমাদের যোদ্ধাদের রেঞ্জের মধ্যে তাদের কত সম্পদ ঝুঁকিতে পড়বে, সেই হিসাব করার ক্ষমতা আমেরিকার নেতাদের নেই।’
যুক্তরাষ্ট্রের আঞ্চলিক অংশীদারদের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি আরও বলেছে, ‘এখন পর্যন্ত ইরান প্রতিবেশী দেশগুলোর প্রতি সদিচ্ছা থেকে যথেষ্ট সংযম দেখিয়েছে এবং প্রতিশোধমূলক লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনা করেছে, কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গেছে।’
এদিকে, যুদ্ধ বন্ধে একটি চুক্তিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ইরানকে ভয়াবহ একটি হুমকি দিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না।’
ট্রাম্প বলেন, ‘আমি এটা চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এমনটাই হবে। তবে এখন যেহেতু সম্পূর্ণ ও সর্বাত্মক শাসনব্যস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান এবং কম উগ্র চিন্তাধারার মানুষেররা প্রাধান্য পাচ্ছে, হয়তো ভালো কিছু ঘটতে পারে।’
বিজ্ঞাপন
পোস্টের শেষে তিনি বলেছেন, ‘কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!’
সূত্র: আলজাজিরা, তাসনিম
এমএইচআর

