বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ঢাকা

মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ এএম

শেয়ার করুন:

randy jarj
র‍্যান্ডি জর্জ। ছবি: রয়টার্স

মার্কিন সেনাবাহিনীর প্রধান র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক শুদ্ধি অভিযান বা ছাঁটাইয়ের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জর্জকে বরখাস্ত করার বিষয়টি মার্কিন প্রতিরক্ষা বিভাগের তিনজন কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


ফক্স নিউজের সাবেক উপস্থাপক হেগসেথ প্রতিরক্ষা বিভাগ নতুন করে সাজাতে দ্রুত পদক্ষেপ নিলেও যুদ্ধকালীন সময়ে কোনো জেনারেলকে বরখাস্ত করার ঘটনা প্রায় নজিরবিহীন।

পেন্টাগন জানিয়েছে, পদের মেয়াদ এক বছরের বেশি সময় বাকি থাকলেও সেনাবাহিনীর ৪১তম প্রধান হিসেবে জর্জ অবিলম্বে অবসর নেবেন। এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে এবং অবসরজীবনের মঙ্গল কামনা করেছে।

নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানিয়েছেন, হেগসেথ সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মি চ্যাপলেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করেছেন।

প্রতিরক্ষা বিভাগ জর্জের বিদায়ের কোনো কারণ জানায়নি। এমন সময়ে এ পদক্ষেপ নেওয়া হলো, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন বাড়াচ্ছে।


বিজ্ঞাপন


এ অঞ্চলে মার্কিন হামলাগুলো মূলত নৌবাহিনী ও বিমানবাহিনীর মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেনাবাহিনীর সদস্যদেরও মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বৃহত্তম শাখা এই সেনাবাহিনীতে প্রায় সাড়ে চার লাখ সক্রিয় সদস্য রয়েছে।

মার্কিন সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজারো সৈন্যও মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে। এর উদ্দেশ্য হতে পারে ইরানে সম্ভাব্য স্থল অভিযান।

হেগসেথ ও জর্জের মধ্যে প্রকাশ্যে কোনো মনোমালিন্যের লক্ষণ ছিল না। তবে হেগসেথ সেনাবাহিনীর শীর্ষ আইনজীবীকে বরখাস্ত করা এবং সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় ধরনের সামরিক কুচকাওয়াজ আয়োজনের মতো কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন। এই প্রতিষ্ঠাবার্ষিকী পড়েছিল ডোনাল্ড ট্রাম্পের জন্মদিনে।

ট্রাম্পের সমর্থক গায়ক কিড রকের প্রতি সমর্থন দেখাতে চলতি সপ্তাহে একটি তদন্ত প্রক্রিয়াও স্থগিত করেন হেগসেথ। কিড রকের বাড়ির আশপাশে অ্যাটাক হেলিকপ্টার ওড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট সেনা পাইলটদের বিরুদ্ধে তদন্ত হওয়ার কথা ছিল।

প্রথম এই বরখাস্তের খবর প্রকাশ করা সিবিএস নিউজ জানিয়েছে, কিড রকের ঘটনার সঙ্গে জর্জের অপসারণের কোনো সম্পর্ক নেই।

এক কর্মকর্তা জানিয়েছেন, হেগসেথের সাবেক সামরিক সহযোগী এবং বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফ জেনারেল ক্রিস্টোফার লানিভ ভারপ্রাপ্ত হিসেবে জর্জের স্থলাভিষিক্ত হবেন।

আরেক কর্মকর্তা জানান, সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব জর্জের বরখাস্তের খবরটি জনসমক্ষে প্রকাশের পরই জানতে পারে।

ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালনকারী পদাতিক কর্মকর্তা জর্জ ২০২৩ সালে সেনাবাহিনীর শীর্ষ পদে নিযুক্ত হন। সাধারণত এই পদের মেয়াদ চার বছর।

শীর্ষ পদে আসার আগে তিনি সেনাবাহিনীর ভাইস চিফ ছিলেন। তারও আগে তৎকালীন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সিনিয়র সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তাকে সেক্রেটারি অব দ্য আর্মি ড্যান ড্রিসকলের ঘনিষ্ঠ হিসেবে দেখা হতো। অস্ত্র উন্নয়ন ত্বরান্বিত করা ও ব্যয় সংকোচনের লক্ষ্যে সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে তারা একসঙ্গে বড় প্রতিরক্ষা কোম্পানিগুলোর প্রভাব মোকাবিলায় কাজ করেছেন।

জর্জের অপসারণ পেন্টাগনের নেতৃত্বের বিভিন্ন স্তরে চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে গত বছর জয়েন্ট চিফস অব স্টাফের সাবেক চেয়ারম্যান, বিমানবাহিনীর এক জেনারেল, নৌবাহিনীর অপারেশন প্রধান এবং বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফকেও বরখাস্ত করা হয়েছিল।

জেনারেল জর্জের কার্যালয় থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর