মরু দেশ ওমানে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় পানির তীব্র স্রোতে গাড়ি ভেসে গিয়ে এসব প্রাণহানি ঘটে। সোমবার দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) এই তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, প্রথম দুর্ঘটনাটি ঘটে বারকা উইলায়াতের (প্রদেশ) একটি ওয়াদিতে (মরু উপত্যকা)। সেখানে ১০ জন আরোহীসহ একটি গাড়ি বন্যার পানির তোড়ে ভেসে যায়। উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে সেখান থেকে সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও বাকি তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নিউইয়র্কে বিমানবন্দরে ট্রাকের সঙ্গে বিমানের সংঘর্ষ, ২ পাইলট নিহত
এদিকে, আল-মাওয়িল উইলায়াতে পৃথক আরেকটি দুর্ঘটনায় দুই ওমানি নাগরিকের মৃত্যু হয়েছে। তাদের বহনকারী গাড়িটি বন্যার পানিতে তলিয়ে গেলে তারা নিখোঁজ হন। পরবর্তীতে দীর্ঘ তল্লাশি চালিয়ে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করেন।
ওমানের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াদি বা পাহাড়ি ঢল পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিরাপদ স্থানে অবস্থান এবং নিচু এলাকা এড়িয়ে চলার জন্য বারবার প্রশাসনিক নির্দেশনা দেওয়া হচ্ছে। মাস্কাটসহ ওমানের বিভিন্ন প্রদেশে আগামী কয়েকদিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওমানে সাম্প্রতিক বছরগুলোতে প্রায়ই প্রাণঘাতী বন্যার ঘটনা ঘটছে। এর আগে ২০২৪ সালের এপ্রিলে দেশটিতে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স ও খালিজ টাইমস

