মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

রাশিয়ায় ৪ ভারতীয় ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

রাশিয়ায় ৪ ভারতীয় ছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলায় আহত হয়েছেন চার ভারতীয় ছাত্র। রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়েছিলেন তারা। 

শনিবার বাশকোর্তোস্তান প্রদেশের উফায় স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে আচমকা ছুরি নিয়ে ঢুকে পড়ে ১৫ বছর বয়সি এক কিশোর। 


বিজ্ঞাপন


ওই হোস্টেলে বিদেশি ছাত্রছাত্রীরা থাকেন। সেখানে এলোপাতাড়ি ছুরি চালাতে শুরু করে ওই কিশোর। হামলার সময় সে নাৎসি স্লোগান দিচ্ছিল। 

এমনকি, হোস্টেলের দেওয়ালে রক্ত দিয়ে ‘স্বস্তিকা’ চিহ্নও আঁকা হয়েছে। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে।

হামলাকারীর নাম বা পরিচয় এখনও প্রকাশ করেনি রুশ সরকার। তবে রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কিশোর একটি নিষিদ্ধ নব্যনাৎসি সংগঠনের সদস্য, যার নাম ‘ন্যাশনাল সোশ্যালিজম’। 

হোয়াইট পাওয়ার নামেও ওই সংগঠন পরিচিত। ২০২১ সালে রাশিয়ার সুপ্রিম কোর্ট সংগঠনটিকে সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল। এর আগেও রাশিয়ার বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে এই সংগঠনের নাম জড়িয়েছিল। একাধিক হামলার দায় তারা স্বীকার করেছে।

মেডিক্যাল শিক্ষার্থীদের হোস্টেলে হামলা চলাকালীন ‘হলোকস্ট’-এর সমর্থনে স্লোগান দিচ্ছিল কিশোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডল্‌ফ হিটলারের নির্দেশে ইউরোপে ইহুদিদের উপর যে নৃশংস হত্যালীলা চালানো হয়েছিল, তা ‘হলোকস্ট’ নামে পরিচিত। 

মনে করা হচ্ছে, হস্টেলের দেওয়ালে জখম পড়ুয়াদের রক্ত দিয়েই ‘স্বস্তিকা’ চিহ্ন আঁকা হয়েছে। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে রাশিয়ার পুলিশ।

গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এই সময় দু’জন পুলিশ কর্মকর্তাও ছুরির আঘাতে জখম হয়েছেন। এমনকি, অভিযুক্ত নিজেকেও ছুরি দিয়ে রক্তাক্ত করেছে বলে জানিয়েছে প্রশাসন। আপাতত চার ভারতীয় শিক্ষার্র্থীর সঙ্গে সে-ও হাসপাতালে চিকিৎসাধীন।

রাশিয়ার স্বাস্থ্য দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, আহত চারজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারী কিশোরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, হামলার পর চারদিকে রক্ত ছড়িয়ে ছিল। রক্ত ছাড়া আর কিছু দেখাই যাচ্ছিল না। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, হামলাকারীকে পাঁজাকোলা করে তুলে নিয়ে বরফেঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর দিয়ে হেঁটে যাচ্ছে পুলিশ। 

এই ঘটনা নিয়ে রাতেই রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস বিবৃতি দিয়েছে। আহত ছাত্রদের সহায়তা করা হচ্ছে। এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়।

-এমএমএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর