জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ আজ রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় ভোর ৫টা) থেকে শুরু হয়েছে।
এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনের জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন। খবর জাপান টাইমসের।
বিজ্ঞাপন
গত ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী।
গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেও তার দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সংসদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ছিল।
কিন্তু তিনি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা চাইছিলেন। এর ফলশ্রুতিতে ক্ষমতা গ্রহণ করেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন।
প্রধানমন্ত্রী তাকাইচির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে মূল লড়াই হবে জাপান ইনোভেশন পার্টির।
এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এ ছাড়া তাকাইচির প্রধানমন্ত্রিত্বের ভাগ্যও এর মাধ্যমে নির্ধারিত হবে।
দেশটিতে আজকের নির্বাচনে ভোটগ্রহণ চলবে স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত। ভোট গণনা শেষ হতে হতে সারারাত লাগতে পারে।
সংসদের নিম্নকক্ষের মোট ৪৬৫টি আসনের মধ্যে ২৮৯ জন সদস্য সরাসরি একক নির্বাচনি এলাকা থেকে এবং বাকি ১৭৬ জন সদস্য ১১টি আঞ্চলিক ব্লকের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন।
বিভিন্ন জরিপ থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী তাকাইচির ক্ষমতাসীন এলডিপিই সংসদের সর্বোচ্চ আসনে জয়ী হতে পারেন।
-এমএমএস

