পারস্য উপসাগরে ফার্সি দ্বীপের কাছে চোরাচালানের অভিযোগে ১০ লাখ লিটারেরও বেশি তেল বহনকারী দুটি ট্যাংকার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে ওই দুই ট্যাঙ্কারের ১৫ নাবিককেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানায় আইআরজিসির নৌবাহিনী।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের আশপাশের এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল। এগুলো একটি সংগঠিত জ্বালানি পাচার চক্রের অংশ, যা সাম্প্রতিক মাসগুলোতে সক্রিয় ছিল। নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজগুলোকে শনাক্ত করা হয় এবং পরে সেগুলো জব্দ করা হয়।
আটক নাবিকদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি। তবে ট্যাঙ্কারগুলোর নাম বা কোন দেশের পতাকা বহন করছিল এবং আটক নাবিকরা কোন দেশের সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে ইরান সামুদ্রিক টহল জোরদার করেছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের কাছের জলসীমায়, যা বিশ্বব্যাপী তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট। এরআগে গত ডিসেম্বরের শেষ দিকেও পারস্য উপসাগরে কেশম দ্বীপের কাছে ৪০ লাখ লিটারেরও বেশি চোরাই তেল ও ১৬ নাবিকসহ একটি ট্যাংকার জব্দ করে দেশটি।
বিজ্ঞাপন
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, রয়টার্স
এমএইচআর

