বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

‘চিকেন নেক’ করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ করবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

‘চিকেন নেক’ করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ করবে ভারত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা ‘চিকেনস নেক’ নামে পরিচিত পশ্চিমবঙ্গের শিলিগুরি করিডরে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে ভারত। 

সোমবার (২ ফেব্রুয়ারি) ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা দেন।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রেল মন্ত্রণালয়ের জন্য কেন্দ্রীয় বাজেট বরাদ্দের বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে বৈষ্ণব বলেন, ‘বাজেটে এই অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ রক্ষায় ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ স্থাপনের বিশেষ পরিকল্পনা চলছে। এরমধ্যে ভূগর্ভস্থ রেলপথ স্থাপনের পাশাপাশি বিদ্যমান লাইনগুলোকে চারটি ট্র্যাকে সম্প্রসারিত করার প্রস্তাব রয়েছে, যা দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে।’

image
ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

অনুষ্ঠানে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জিএম চেতন শ্রীবাস্তব জানান, ভূগর্ভস্থ অংশটি পশ্চিমবঙ্গের তিন মাইল হাট থেকে রাঙ্গাপানি স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। লাইনগুলো ভূগর্ভে নেওয়ার মূল কারণ হলো এই করিডোরের খুব সংকীর্ণ অংশ, যা মাত্র ২৫ কিলোমিটার প্রশস্ত এবং যা ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের এই করিডোরকে ‘অচিলিস হিল’ হিসেবে দেখা হচ্ছে। যার অর্থ হলো, ‘কারো চরম শক্তির মাঝেও বিদ্যমান একটিমাত্র দুর্বল বা নাজুক দিক।’


বিজ্ঞাপন


প্রসঙ্গত, ‘চিকেনস নেক’ নামে পরিচিত এই করিডরটি সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার চওড়া। এটি ভারতের অন্যতম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত। করিডরটির এক পাশে নেপাল, ভুটান ও বাংলাদেশ এবং আরও উত্তরে রয়েছে চীন।

ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনাকারীরা দীর্ঘদিন ধরে শিলিগুড়ি করিডোরকে একটি ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে দেখে আসছেন। ২০১৭ সালের ডোকলাম অচলাবস্থার সময়, কর্মকর্তারা স্বীকার করেছিলেন যে যেকোনো বিঘ্ন উত্তর-পূর্বকে বিচ্ছিন্ন করে দিতে পারে, যার ফলে গুরুত্বপূর্ণ সরবরাহ রুট এবং সৈন্য চলাচল বন্ধ হয়ে যেতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এমএইচআর

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর