চরম উত্তেজনার মধ্যেই আবারও পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসবেন দু্ই দেশের শীর্ষ কর্মকর্তারা। যেখানে সৌদি আরব, কাতার এবং মিশরের মতো দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবে বলে জানিয়েছে কূটনীতিক সূত্রগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির উপস্থিত থাকার কথা রয়েছে। সেই বৈঠকে আলোচনার প্রধান এজেন্ডা থাকবে ইরানের পরমাণু কর্মসূচি। তবে এ বিষয়ে তেহরান বা ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
বিজ্ঞাপন
অন্যদিকে বার্তা সংস্থা এএফপি এক আঞ্চলিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সৌদি আরব, কাতার, তুরস্ক, মিসর ও ওমানের কূটনৈতিক উদ্যোগে শুক্রবার তুরস্কে একটি সম্ভাব্য বৈঠক হতে পারে।
এরআগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে। আঞ্চলিক দেশগুলো বার্তা আদান-প্রদানে মধ্যস্থতা করছে। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ার প্রতিটি ধাপের বিষয় আমরা পর্যালোচনা ও চূড়ান্ত করছি। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই এ প্রক্রিয়া শেষ হবে।’
এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরব, মিসর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
বিজ্ঞাপন
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘যদি উপযুক্ত পরিবেশ থাকে, অর্থাৎ হুমকি ও অযৌক্তিক প্রত্যাশামুক্ত পরিস্থিতি নিশ্চিত হয়, তাহলেই কেবল ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।’
রয়টার্স আরও জানায়, আলোচনায় ফেরার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধের দাবি জানিয়েছে। অতীতে পারমাণবিক ইস্যুতে নমনীয়তা দেখালেও ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাবের প্রশ্নে ইরান অনড় অবস্থানে ছিল।
এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, কয়েকটি মিত্রদেশ এ ব্যাপারে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা করছে। তারা আমাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করছে। এটা কঠিন, কিন্তু তারা চেষ্টা করছে। আমার মনে হয়, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচক দল একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমঝোতা চুক্তির প্রস্তাব নিয়ে এগিয়ে আসে- তাহলে ফের আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ প্রায় দু’ই যুগ ধরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে তিক্ততা চলছে। গত জুনে ওমানে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও, পরে ইসরায়েলের হামলা এবং যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার পর সেই প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে।
এমএইচআর

