স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করায় অভিযুক্ত এক ভারতীয়কে কানাডা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন।
ভবিষ্যতে আর কোনও দিন তিনি কানাডায় যেতে পারবেন না। অভিযুক্ত ৫১ বছর বয়সি জগজিৎ সিংহকে ইতিমধ্যে দেশ থেকে বিড়াতনের তোড়জোড় শুরু করেছে সে দেশের প্রশাসন।
বিজ্ঞাপন
কানাডার সংবাদমাধ্যমগুলিতে জানানো হচ্ছে, ৬ মাসের ভিসা নিয়ে চলতি বছরের জুলাই মাসে কানাডায় গিয়েছিলেন জগজিৎ। উদ্দেশ্য ছিল অন্টারিওতে পরিবারের লোকেদের সঙ্গে দেখা করা।
কিন্তু কানাডায় পৌঁছোনোর পরে স্থানীয় এক হাইস্কুলের ছাত্রীদের তিনি উত্ত্যক্ত করতে শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় পুলিশের দাবি, গত ৮-১১ সেপ্টেম্বরের মধ্যে তিনি বেশ কয়েকবার ওই স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
তাদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় তদন্তকারীদের দাবি, ছাত্রীরা স্কুল থেকে ফেরার সময় তাদের পিছুও নিতেন ওই ব্যক্তি।
এই অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর কানাডার পুলিশের হাতে গ্রেফতার হন জগজিৎ। কয়েক দিনের মধ্যে জামিন পেয়ে গেলেও পরে নতুন করে অভিযোগ উঠে আসায় ফের পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
দ্বিতীয়বার গ্রেফতারির পরেও জামিন পেয়ে যান তিনি। সম্প্রতি ওই মামলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে জগজিৎকে দোষী সাব্যস্ত করে আদালত। বিচারক জানান, এই ধরনের আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।
জগজিতের আইনজীবী আদালতে জানান, আগামী ৩০ ডিসেম্বর তার মক্কেলের ভারতে ফেরার টিকিট রয়েছে। তবে এত দিন পর্যন্ত তাকে কানাডায় থাকতে দিতে রাজি নন বিচারক।
তাকে দ্রুত কানাডা থেকে বিতাড়নের নির্দেশ দিয়েছে সেদেশের আদালত। জগজিৎকে আর কোনও দিন কানাডায় প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন বিচারক।
-এমএমএস

