মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভারতকে ‘দিবাস্বপ্ন’ দেখা বন্ধ করতে বলল পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

ভারতকে ‘দিবাস্বপ্ন’ দেখা বন্ধ করতে বলল পাকিস্তান!

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার মুখে নতুন বিতর্ক সৃষ্টি করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

পাকিস্তানের সিন্ধু প্রদেশ কোনো এক দিন ভারতের অন্তর্ভুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। এর কড়া জবাব দিয়েছে পাকিস্তান।


বিজ্ঞাপন


প্রতিবেশী দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের ‘উসকানিমূলক’ মন্তব্য না করার পরামর্শ দিয়ে বলেছে, ‘ভারত বরং তার নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করুক। ভারতের উত্তর–পূর্বাঞ্চলের মানুষের অভাব–অভিযোগের সমাধান করুক।’ খবর জিও নিউজের।

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যকে ‘সম্প্রসারণবাদী ও বিভ্রান্তিকর’ মনোভাব বলে জানিয়ে পাকিস্তান বলেছে, এ ধরনের মন্তব্য ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী’।

রাজনাথ সিং যে বিতর্কিত মন্তব্য করেছেন তার কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ।

তিনি বলেছেন, সিন্ধু পাকিস্তানেরই অংশ ছিল, আছে এবং থাকবে। ভারতকে দিবাস্বপ্ন দেখা বন্ধ করতে হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মুরাদ বলেন, “সিন্ধু পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ, ছিল, আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, রাজনাথ সিং “ইতিহাস সম্পর্কে অজ্ঞ”। তার ব্যাখ্যা, ১৯৩৬ সালেই সিন্ধু তৎকালীন বোম্বে প্রেসিডেন্সি থেকে আলাদা হয়েছিল। যা পাকিস্তান সৃষ্টির অনেক আগের ঘটনা। 

সিন্ধুর মানুষের কাছে সবসময়ই তাদের নিজস্ব মর্যাদা, স্বায়ত্তশাসন ও রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ ছিল। মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্য দেশের বিষয়ে দিবাস্বপ্ন না দেখে ভারতের মন্ত্রীর উচিত নিজেদের ভেতরের বিভাজন নিয়ে ভাবা।

প্রসঙ্গত, রাজনাথ সিং সম্প্রতি বলেছেন, আজ সিন্ধু ভারতের অংশ না হলেও সভ্যতার দিক থেকে তা ভারতেরই অংশ। আর সীমান্ত তো বদলাতে পারে— কে জানে, হয়তো কোনো একদিন সিন্ধু আবার ভারতের সঙ্গে যুক্ত হবে।

তিনি আরও দাবি করেন, তার প্রজন্মের সিন্ধুর হিন্দুরা নাকি কখনোই পাকিস্তানের সঙ্গে প্রদেশটির যুক্ত হওয়াকে মেনে নেননি।

পরে গত রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ভারতীয় মন্ত্রীর মন্তব্যকে “বিভ্রান্তিকর, ইতিহাস বিকৃতকারী ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি” বলে নিন্দা জানায়। 

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজনাথ সিংয়ের বক্তব্য “সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতার” প্রতিফলন।

পাকিস্তান আরও বলেছে, ভারতকে উসকানিমূলক বক্তব্য বন্ধ করে নিজেদের নাগরিকদের নিরাপত্তার দিকে মনোযোগী হতে হবে— বিশেষত সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি ধর্মীয় সহিংসতার ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং ইতিহাস বিকৃতির কারণে যে বৈষম্য চলছে তা বন্ধ করতে হবে।

-এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর