ট্রেনে ওঠার জন্য প্রচণ্ড ভিড়। কিন্তু অফিসে তো আর দেরি করে গেলে হবে না। তাই এই ভিড় ঠেলেই ট্রেনে ওঠার চেষ্টা এক তরুণীর।
কিন্তু বিধিবাম! ভিড় ঠেলে ট্রেনের কামরায় উঠতে গিয়ে পা ফসকে যায় তার। পড়ে যান রেললাইনের ওপরে। এদিকে ততক্ষণে ট্রেন যাত্রা শুরু করেছে।
বিষয়টি নজরে পড়তেই রেল পুলিশসহ উপস্থিত অন্য যাত্রীরা দ্রুত ট্রেনচালককে জানান। সাথে সাথে ট্রেনও থামান চালক। তবে তার আগেই ট্রেনের একটি বগি তরুণীর শরীরের ওপর দিয়ে চলে যায়। পরে চালক ট্রেনটিকে পিছনের দিকে নিয়ে যান।
দেখা যায়, রেললাইনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী। কাটা পড়েছে তারা পা। সেখান থেকে রক্ত বের হচ্ছে। তবে ভাগ্যক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।
দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটে ভারতের মুম্বাইয়ের ঠাণে রেলস্টেশনে। সোমবার (৮ জুন) সকালে ভিড় ট্রেনে উঠতে গিয়েই ঘটে এই বিপত্তি।
পরে পুলিশকর্মীরা রেললাইনে নেমে তরুণীকে তুলে আনেন। দ্রুত নেওয়া হয় হাসপাতালে।
পা কাটা গেলেও প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। পুরো ঘটনা মোবাইলে ক্যামেরা বন্দি করেন অন্যান্য যাত্রীরা। সেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজিক যোগাযোগ মাধ্যমে।
উল্লেখ্য, রোববার রাত থেকেই বৃষ্টি শুরু হয় মুম্বাইয়ে। সোমবার সকাল পর্যন্ত টানা সাত-আট ঘণ্টার প্রবল বৃষ্টিতে ডুবে যায় ভারতের অর্থনৈতিক রাজধানী। অধিকাংশ এলাকার রেললাইনও পানির নিচে চলে যায়।
নিচু এলাকাগুলোতে হাঁটু সমান বা তারচেয়ে বেশি পানি জমেছে। কিছু কিছু এলাকায় পানির স্রোতে রাস্তার গাড়ি ভেসে যাওয়ার খবরও পাওয়া গেছে।
কমপক্ষে ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আনন্দবাজার




