ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবারও মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ঈদুল ফিতরের জামাতে হাজির হয়ে বক্তব্য দিয়েছেন। এ সময় তিনি জানিয়েছেন, তার দল তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ছে। এজন্য আগামী লোকসভার নির্বাচনে অন্য কোনো দলকে ভোট না দিতে আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে ঈদের জামাতের আগে দেওয়া বক্তব্যে মমতা পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) মানবেন না বলে জানিয়েছেন। বলেছেন, ‘বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না।’
রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মঞ্চে তিনি সংক্ষিপ্ত বক্তৃতা করেন।
বক্তব্যের শুরুতেই ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘আপনারা এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না।’
প্রথমে বিজেপির নাম না করেই তিনি বলেন, ‘অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) আনছে। আমরা ঘৃণাভাষণ চাই না, এনআরসি চাই না, সিএএ চাই না। আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয়।’
সিএএ প্রসঙ্গ তুলে বিজেপির উদ্দেশে মমতার প্রশ্ন, ‘আমরা নাগরিক না হলে কাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন?’
বক্তব্যের শেষ দিকে অবশ্য সরাসরি বিজেপির নাম করেই তাদের নিশানা করেন মমতা। বলেন, ‘বাংলায় আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি। দিল্লিতে ইন্ডিয়া জোট কী হবে, বুঝে নেব।’ তার পরেই মমতা বলেন, ‘বাংলায় একটা ভোটও অন্য কাউকে দেবেন না।’
এরপর মমতা মাইক তুলে দেন অভিষেকের হাতে। অভিষেক বলেন, ‘দিদি যা বলেছেন, তারপর বেশি কথা বলা যায় না। তবু তিনি যখন বলতে বলেছেন, আমি বলছি। সবাই খুশির ইদে আনন্দ করুন। মনে রাখবেন, যে জল আমরা খাই, তা ভাগ হয় না। যে বাতাসে আমরা নিঃশ্বাস নিই, তা-ও ভাগ হয় না। আমাদের সকলের গায়ে যে রক্ত বইছে, তার রং লাল। কেউ কেউ এই সব কিছুর মধ্যে বিভাজন করতে চাইবে। কিন্তু আপনারা সবাই মিলে তা রুখে দেবেন। বাংলার ঐতিহ্য এই একতা।’ সূত্র: আনন্দবাজার
জেবি




