বাংলাদেশের সার্জনদের বৃহত্তম পেশাজীবী সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের প্রেসিডেন্ট পদে উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সার্জন ও একাডেমিশিয়ান অধ্যাপক ডা. জাহিদুল হক। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন অধ্যাপক ডা. শহীদুর রহমান।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর ট্রেনিং কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সার্জারি ও অ্যালাইড ডিসিপ্লিনের সার্জনরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের বর্তমান সভাপতি অধ্যাপক ডা. এ এম এস সারফুজ্জামান রুবেলের মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে ওই পদে উপনির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে বিজয়ী হওয়ায় অধ্যাপক জাহিদুল হক সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি দেশের চিকিৎসা ও সার্জারি শিক্ষায় একজন বিশিষ্ট শিক্ষক ও একাডেমিশিয়ান হিসেবে পরিচিত।
অধ্যাপক জাহিদুল হক বলেন, এই বিজয় আমার একার নয়, এটি দেশের সব সার্জন ও সোসাইটির সদস্যদের বিজয়। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশকে আরও শক্তিশালী, কার্যকর ও আন্তর্জাতিক মানের পেশাজীবী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। সার্জনদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা, প্রশিক্ষণ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সবার সহযোগিতা নিয়ে সংগঠনকে এগিয়ে নিতে চাই।
এসএইচ/এফএ




