রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, দেশেই চলছে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, দেশেই চলছে চিকিৎসা
হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের। তাঁর চিকিৎসার অংশ হিসেবে রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তাঁর এনজিওগ্রাম করেন। এতে হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।

জানা গেছে, এনজিওগ্রামের পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওপ্লাস্টি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হবে।

স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এদিকে দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর