রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

খুলনায় হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনায় বিপিএইচসিডিএর নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

খুলনায় হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনায় বিপিএইচসিডিএর নিন্দা
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)।

খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)। একই সঙ্গে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও মহাসচিব ডা. এ এম শামীম এমন প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে খুলনার খানজাহান আলী রোডে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।

বিবৃতিতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানানো হয়। পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

বিপিএইচসিডিএ বলছে, মব সৃষ্টি, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং জনতার মাধ্যমে বিচার করার সংস্কৃতি বন্ধ করতে হবে। হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোগীর ন্যায়বিচারের অধিকার নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং মর্যাদাও সমুন্নত রাখতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বহিরাগতদের এ ধরনের হামলার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অফিস সেক্রেটারি ডা. আরিফ মাহমুদ।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর বেলা একটার দিকে শহরের খানজাহান আলী সড়কের পিটিআই মোড় এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ঢুকে চায়নিজ কুড়াল দিয়ে ব্যাপক ভাঙচুর চালান পাঁচ যুবক। হামলাকারীরা ওই প্রতিষ্ঠানের কাচের দরজা-জানালা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন, অভ্যর্থনাকক্ষের কাউন্টারসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন।

এ সময় প্রতিষ্ঠানের এক কর্মীর মুঠোফোনও নিয়ে যান হামলাকারী যুবকেরা। হামলার সময় ভেতরে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে এক মাসের ব্যবধানে খুলনা শহরের চতুর্থ চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটল।

এসএইচ/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর