স্বাস্থ্যখাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে শ্রীলঙ্কার সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ।
বিশেষ করে ওষুধের বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের মেডিকেল কলেজে আরো বেশি শ্রীলঙ্কান শিক্ষার্থীর ভর্তির সুযোগ সৃষ্টি এবং মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতিসংক্রান্ত সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী ডা. নালিন্দা জয়তিসার দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন আয়োজন করায় শ্রীলঙ্কাকে অভিনন্দন জানান বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী। এসময় তিনি স্বাস্থ্য খাতে সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে শ্রীলঙ্কার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
দুই মন্ত্রী বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ফোরামে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানো এবং অভিন্ন স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
এসএইচ/এএইচ




