হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দেখতে গিয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা।
শুক্রবার (৬ নভেম্বর) তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে দেখতে যান ড্যাব নেতারা।
এসময় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সংক্ষিপ্ত সফরে ড্যাবের কেন্দ্রীয় নেতারা সিলেট অবস্থানকালে আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ড্যাব নেতারা। এসময় ড্যাব নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন।
এর আগে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যাওয়ার পর মন্ত্রী আরিফুল হক চৌধুরী হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন। এ অবস্থায় তার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়। দ্রুত তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসএইচ/এসআই




