বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

হৃদরোগে মৃত্যু হ্রাসে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

হৃদরোগে মৃত্যু হ্রাসে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গঠনের আহ্বান
কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

হৃদরোগে মৃত্যুর হার কমাতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোকে কেন্দ্র করে প্রাথমিকভাবে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ও অ্যাম্বুলেন্স পুল গঠনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথ ল্যাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডা. মোস্তাফিজুর রহমান। 

প্রতিমন্ত্রী বলেন, হৃদরোগীর ক্ষেত্রে ‘গোল্ডেন আওয়ার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত হাসপাতালে পৌঁছানো নিশ্চিত করতে প্রাথমিকভাবে ঢাকা ও পার্শ্ববর্তী অন্তত পাঁচটি জেলাকে নিয়ে বেসরকারি উদ্যোগে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক চালু করা যেতে পারে। এক বছর এর কার্যক্রম পরিচালনার পর প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেশব্যাপী অ্যাম্বুলেন্স পুল গঠনের উদ্যোগ নেওয়া হবে।

ড. এম এ মুহিত বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারেও জরুরি অ্যাম্বুলেন্স সেবা জোরদারের প্রতিশ্রুতি রয়েছে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। সমন্বিত ও কার্যকর অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক গড়ে উঠলে একদিকে যেমন জরুরি সময়ে রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে, অন্যদিকে এটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগী ও স্বজনদের সঙ্গে চিকিৎসকদের যোগাযোগের দক্ষতা আরও বাড়াতে হবে। যেকোনো চিকিৎসা বা হস্তক্ষেপের আগে রোগী ও স্বজনদের কাছে পরিস্থিতি এবং চিকিৎসা পদ্ধতি যথাযথভাবে ব্যাখ্যা করা হলে ভুল বোঝাবুঝি ও আক্ষেপের সুযোগ অনেকাংশে কমে আসবে।

অধ্যাপক ডা. এ কে এম মহিউদ্দিন ভুইয়া মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদের বিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর