বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাঁওতাল পল্লিতে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবে ইউনিস্যাব

হেলথ ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

সাঁওতাল পল্লিতে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবে ইউনিস্যাব

পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও মানসিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘Project Clean & Care 2.0’ শুরু করেছে United Nations Youth and Students Association of Bangladesh (ইউনিস্যাব)-এর রাজশাহী ডিভিশন। 

এ কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর রাজশাহীর একটি সাঁওতাল পল্লিতে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ কার্যক্রম পরিচালনা করা হবে। এতে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেবেন।

‘চলুন, পৃথিবীর যত্ন নিই’ প্রত্যয়ে আয়োজিত এ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ৩ অক্টোবর। জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত কর্মসূচিটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা এবং তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের উদ্যোগকে এগিয়ে নিতে চায় সংগঠনটি।

সাঁওতাল পল্লিতে স্বাস্থ্যসেবার উদ্যোগ

কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ১২ অক্টোবর রাজশাহীর একটি সাঁওতাল পল্লিতে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়া তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত এমন সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যবিষয়ক পরামর্শ পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

820d6e00-7296-4171-8042-6a34e981b1e9

এ ছাড়া তরুণ ও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং মনোসামাজিক সুস্থতা বিষয়ে সচেতন করতে বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি অনলাইন সেশন আয়োজন করা হবে। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠেয় এ সেশনে মানসিক সুস্থতা, সচেতনতা এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

‘Project Clean & Care 2.0’-এর আওতায় চারটি প্রধান ক্ষেত্রে কার্যক্রম পরিচালিত হচ্ছে—বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, পরিবেশ পরিচ্ছন্নতা এবং মানসিক স্বাস্থ্যসচেতনতা।

কর্মসূচির অংশ হিসেবে ৮ অক্টোবর বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম এবং ৯ অক্টোবর স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ এবং পরিচ্ছন্ন জনপরিসর গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হবে।

কর্মসূচির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১০ অক্টোবর অনলাইন মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ সেশন, ১২ অক্টোবর বিনামূল্যে চিকিৎসা পরামর্শ কার্যক্রম এবং ১৩ অক্টোবর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজশাহী বিভাগের নির্বাচিত বিভিন্ন স্থান, ক্যাম্পাস ও জনপরিসরে এসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

তরুণদের নেতৃত্বে সামাজিক পরিবর্তনের প্রত্যয়

উদ্যোগটি সম্পর্কে ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের আঞ্চলিক সম্পাদক রাশেদুজ্জামান রাকিব বলেন, “Project Clean & Care 2.0-এর মাধ্যমে আমরা পরিবেশ, জনস্বাস্থ্য ও সামাজিক কল্যাণের পাশাপাশি তরুণদের নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধকে অর্থবহ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে চাই। আমরা বিশ্বাস করি, তরুণদের উদ্যম, দায়িত্ববোধ ও নেতৃত্বের সক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে নিজ নিজ কমিউনিটিতে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হওয়ার সুযোগ তৈরি করাই আমাদের অন্যতম লক্ষ্য।”

af32f597-b5be-4ec2-b1bc-8a74466867d7

সহযোগী প্রতিষ্ঠানের অংশগ্রহণ

উদ্যোগটির সার্বিক বাস্তবায়নে সহযোগী পার্টনার হিসেবে যুক্ত রয়েছে গ্রো-আপ। এ ছাড়া, বৃক্ষরোপণ পার্টনার হিসেবে চন্দ্রকলি, মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়েবিনার পার্টনার হিসেবে Psycoach Bangladesh, নিরাপত্তা পার্টনার হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), মিডিয়া পার্টনার হিসেবে বার্লো কমিউনিকেশনস লি: ( Berlo Communications Ltd) এবং রেডিও পার্টনার হিসেবে Radio Padma 99.2 FM যুক্ত রয়েছে।

আয়োজকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে তরুণ স্বেচ্ছাসেবকেরা পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও মানসিক সুস্থতা বিষয়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব, দলগত উদ্যোগ ও সামাজিক সেবায় নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবেন।

শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব, স্বাস্থ্যসেবা পেশাজীবী, উন্নয়ন সহযোগী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সহযোগিতা জোরদার করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণদের নেতৃত্বে মানবিক, পরিবেশবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে  ইউনিস্যাব রাজশাহী ডিভিশন।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর