দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে তিন জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ফলে একদিনে মরণঘাতী এই দুই রোগে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেটের হবিগঞ্জ ও খুলনা বিভাগের কুষ্টিয়ায় একজন করে মোট ৩ জন শিশু হাম উপসর্গে মারা গেছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। আর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর (১৫ মার্চ থেকে) দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ১০৮৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের ও হাম সন্দেহজনক মৃত্যু ৯৮৩ জন। এ ছাড়া চলতি বছর (১ জানুয়ারি থেকে) ডেঙ্গু রোগে এ পর্যন্ত মোট প্রাণহানি ২১১ জনে দাঁড়িয়েছে।
হামে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ১২৬৫
স্বাস্থ্য অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ১৫ জন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ১২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে।
আরও পড়ুন:
হাম কীভাবে ছড়ায়?
আর এখন পর্যন্ত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন এবং হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িয়ে ফিরেছে ১ লাখ ৫৭ হাজার ৮৯৭ জন।
ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৯৫৫ জন
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অধিদফতর জানিয়েছে।
এরমধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি (২৪৬ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন:
ডেঙ্গু রোগের লক্ষণ
এ ছাড়া এই সময়ে ঢাকা বিভাগে ২৪১ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩, খুলনা বিভাগে ১৩০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬, বরিশাল বিভাগে ৪৪, রংপুর বিভাগে ৪৪, ময়মনসিংহ বিভাগে ৩৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুতে মোট মৃত্যুর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১০২ জন মারা গেছেন।
এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩৭ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
এএম




