ফার্মেসির বিক্রি, ওষুধের মজুত ও মেয়াদ, হিসাব-নিকাশসহ দৈনন্দিন ব্যবস্থাপনার বিভিন্ন কাজ এক প্ল্যাটফর্মে করার সুবিধা নিয়ে ‘ফার্মাজ২৪৭ (Pharmaz247)’ সফটওয়্যারের সফট লঞ্চ করেছে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান টিউলিপটেক লিমিটেড। একই প্ল্যাটফর্মে চিকিৎসকের সিরিয়াল ও অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনা এবং টেলিমেডিসিন সুবিধাও রাখা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মধ্য বাড্ডার হল্যান্ড সেন্টারে টিউলিপটেকের ঢাকা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সফটওয়্যারটির বিভিন্ন সুবিধা ও কার্যক্রম তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফার্মাজ২৪৭ একটি পূর্ণাঙ্গ ফার্মেসি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিলিং, পয়েন্ট অব সেল (পিওএস), ওষুধের স্টক ও মেয়াদ ব্যবস্থাপনা, সরবরাহকারীর কাছ থেকে পণ্য কেনা, হিসাব-নিকাশ এবং লাইসেন্স ও পরিদর্শনের প্রস্তুতিসহ ফার্মেসি পরিচালনার বিভিন্ন কার্যক্রম ব্যবস্থাপনা করা যাবে।
একক ফার্মেসির পাশাপাশি ফার্মেসি চেইনের ব্যবস্থাপনায়ও সফটওয়্যারটি ব্যবহার করা যাবে। এছাড়া ক্লিনিক ও হাসপাতালের প্রয়োজন বিবেচনায় রেখে এতে চিকিৎসকের সিরিয়াল ও অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনা এবং অনলাইনে চিকিৎসকের পরামর্শ বা টেলিমেডিসিন সুবিধা যুক্ত করা হয়েছে।
টিউলিপটেকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) লুকা লিকাটা বলেন, ‘টিউলিপটেকের তৈরি ফার্মাজ২৪৭ বাংলাদেশের স্বাস্থ্যসেবার বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এর ফার্মেসি মডিউলের মাধ্যমে হিসাব, ওষুধের মজুত, অর্ডার ও পেমেন্টসহ ফার্মেসির বিভিন্ন কার্যক্রম সহজে পরিচালনা করা যাবে। এতে হিসাব আরও নির্ভুল হবে এবং রোগীরা দ্রুত ও সহজে প্রয়োজনীয় ওষুধ নিতে পারবেন।’
তিনি বলেন, ‘চিকিৎসকদের জন্যও এতে আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে, যার মাধ্যমে রোগীরা সহজে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। টেলিকনসালটেশনের সুবিধায় বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারীসহ যাদের হাসপাতালে বা চিকিৎসকের চেম্বারে যাওয়া কঠিন, তারা ঘরে থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘এ প্ল্যাটফর্মে রোগীর মেডিকেল রেকর্ড, চিকিৎসকের প্রেসক্রিপশন ও ফার্মেসি-সংক্রান্ত তথ্য একই ব্যবস্থার মধ্যে যুক্ত থাকবে। আমাদের লক্ষ্য বাংলাদেশের প্রতিটি ফার্মেসি, চিকিৎসক ও রোগীর কাছে ফার্মাজ২৪৭ পৌঁছে দেওয়া।’
ভবিষ্যতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আরও নতুন প্রযুক্তি ও সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
টিউলিপটেক লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আকর দে বলেন, ‘ফার্মাজ২৪৭ তৈরি করা হয়েছে বাংলাদেশের ফার্মেসি ও স্বাস্থ্যসেবা খাতের বাস্তব চাহিদা মাথায় রেখে। দিনভর খাতা-কলমে হিসাব রাখা কিংবা বিক্ষিপ্ত সিস্টেমে কাজ করার ঝক্কি কমিয়ে আমরা চাই ফার্মেসি মালিক ও কর্মীরা যেন নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারেন এবং রোগীরা পান আরও উন্নত সেবা।’
স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্টদের মতামত ও পরামর্শ নিয়ে ভবিষ্যতে ফার্মাজ২৪৭ আরও আপডেট করা হবে বলেও জানান টিউলিপটেকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা।
টিউলিপটেক জানিয়েছে, প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা ও ফিনটেকসহ বিভিন্ন খাতের জন্য ডিজিটাল সমাধান তৈরি করে। প্রযুক্তির মাধ্যমে এসব খাতের ব্যবস্থাপনা সহজ, স্বচ্ছ ও কার্যকর করাই তাদের লক্ষ্য।
অনুষ্ঠানে ফার্মাজ২৪৭-এর লাইভ প্রোডাক্ট প্রদর্শন করা হয়। পাশাপাশি ফিডব্যাক সেশন ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচার সরাসরি দেখেন এবং নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এমএইচ/এএম




