শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিশ্বমানের রোগ নির্ণয়ে আধুনিক আল্ট্রাসনোগ্রাফি বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

বিশ্বমানের রোগ নির্ণয়ে আধুনিক আল্ট্রাসনোগ্রাফি বিকল্প নেই

দেশে বিশ্বমানের রোগ নির্ণয় ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক আল্ট্রাসনোগ্রাফি প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ সোসাইটি অব আলট্রাসনগ্রাফির (বিএসইউ) ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক সনোলজিস্ট অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনায় আল্ট্রাসনোগ্রাফির গুরুত্ব দিন দিন বাড়ছে। সঠিক ও মানসম্মত আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং একাডেমিক উৎকর্ষের ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দ্রুত ও নির্ভুল বিকাশে ডায়াগনস্টিক মেডিসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক আল্ট্রাসনোগ্রাফি এখন অপরিহার্য একটি মাধ্যম। তাই এ সেবার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও জ্ঞানচর্চা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশে বিশ্বমানের আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ বাড়াতে হবে। দেশ-বিদেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের চিকিৎসা ব্যবস্থায় কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বিএসইউর সভাপতি অধ্যাপক ডা. রায়হান হোসেন বলেন, ১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ সোসাইটি অব আলট্রাসনগ্রাফি দেশের বিভিন্ন এলাকায় আল্ট্রাসনোগ্রাফি সেবার প্রসার ও চিকিৎসকদের প্রশিক্ষণে কাজ করে আসছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে বিএসইউর ছয়টি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে।

তিনি বলেন, আল্ট্রাসনোগ্রাফি সেবার মান আরও উন্নত করতে উচ্চতর প্রশিক্ষণ ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সরকারের সহযোগিতা প্রয়োজন।

বিএসইউর সহ-সভাপতি ও নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. ফজলুল বারী জানান, এবারের সম্মেলন ও আন্তর্জাতিক ওয়ার্কশপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক সনোলজিস্ট অংশ নিয়েছেন। পাশাপাশি ভিয়েতনাম, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা থেকেও আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক এ আয়োজনের মাধ্যমে দেশীয় চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হবে। এর ফলে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং দেশের রোগীরা আরও উন্নত ও বিশ্বমানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ করীম, বিএসইউর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফওজিয়া মোসলেম, ওয়ার্ল্ড ফেডারেশন ফর আল্ট্রাসাউন্ড ইন মেডিসিন অ্যান্ড বায়োলজির পরিচালক (সেন্টার অব এডুকেশন) অধ্যাপক ডা. কানু গোপাল বালা, বিএসইউর সহ-সভাপতি অধ্যাপক জেসমিন আরা হক, মহাসচিব অধ্যাপক ডা. শংকর কুমার বিশ্বাসসহ দেশ-বিদেশের বিশেষজ্ঞরা বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কনফারেন্সের বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এছাড়া ওয়ার্ল্ড ফেডারেশন ফর আল্ট্রাসাউন্ড ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি এবং এশিয়ান ফেডারেশন ফর আল্ট্রাসাউন্ড ইন মেডিসিন অ্যান্ড বায়োলজির সক্রিয় অংশগ্রহণে আল্ট্রাসনোগ্রাফি বিষয়ে আন্তর্জাতিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এসএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর