শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অনিয়মের অভিযোগ পেয়ে মুগদা হাসপাতালে হাজির স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

অনিয়মের অভিযোগ পেয়ে আকস্মিক মুগদা হাসপাতালে হাজির স্বাস্থ্যমন্ত্রী
আকস্মিক হাসপাতালটি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সেবা নিয়ে অনিয়মের অভিযোগের পর আকস্মিক পরিদর্শনে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন।

হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, হাসপাতালে যেসব পরীক্ষা করার সুযোগ রয়েছে, সেগুলো থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এতে রোগীদের নিজেদের পকেট থেকে টাকা খরচ হচ্ছে। অথচ রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে এবং হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও রয়েছে।

আরও পড়ুন

দেশের সব হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

২৫ সেপ্টেম্বর থেকে বড় পরিসরে হামের টিকা দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী

সাখাওয়াত হোসেন বলেন, মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য সব ধরনের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। রোগীদের কাগজপত্র দেখে এবং তাদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, অনেককেই বাইরে থেকে পরীক্ষা করানো হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার ক্ষেত্রে মুগদা হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাসপাতালটিকে প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও যদি রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন, তা মেনে নেওয়া যায় না।

জানা গেছে, সম্প্রতি মুগদা হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সেবা প্রত্যাশীরা। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসার পর তিনি নিজেই সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন রোগীরা। তারা হাসপাতালের সেবার মান আরও উন্নত করারও দাবি জানান।

এসএইচ/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর