চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মশাবাহিত এ জ্বরে ভুগে আজও (গত ২৪ ঘণ্টায়) সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ১১০ জন।
বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৩৮ হাজার ২৮০ জন।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, দুজন ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে) বিভাগের এবং একজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)।
প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে বরিশাল বিভাগের ১১০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৫ জন, ঢাকা বিভাগের ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩৪ জন, খুলনা বিভাগের ১৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ৯১ জন, রংপুর বিভাগের ৩২ জন এবং সিলেট বিভাগের ৭ জন রোগী রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এই সংখ্যা মোট ৩৫ হাজার ৪৩৩ জন।
এর আগে মঙ্গলবারও (৩১ আগস্ট) ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়। এদিন রোগটিতে আক্রান্ত হন এক হাজার ৩২৪ জন। মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। অন্যদিকে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।
এএইচ




