৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদানপত্র দাখিলের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কর্মকর্তারা আগামী ৭ সেপ্টেম্বর থেকে যোগদান করেবেন।
রোববার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের আগামী ৭ সেপ্টেম্বর পূর্বাহ্নে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে।’
নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের ঢাকার শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, যোগদানপত্র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ বরাবর দাখিল করতে হবে। এ ছাড়া চিকিৎসকদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে পৃথক এক অফিস আদেশে যোগদানের নিয়মাবলীসমূহ প্রকাশ করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সকাল ৯টায় যোগদানস্থলে উপস্থিত থাকতে হবে। সেখানে বিসিএস গেজেট এর সিরিয়াল/ক্রমিক নম্বর অনুযায়ী যোগদান বুথ থাকবে। যোগদানপত্র দাখিলের জন্য পূর্বের নির্দেশনা অনুযায়ী যোগদান আবেদনের ২কপি, জাতীয় পরিচয়পত্রের ২টি ফটোকপি এবং নিয়োগপত্রের অনুচ্ছেদ (ঞ) মোতাবেক ৩০০ (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ‘তিনি নিজে বা তার পরিবারের কোনো সদস্য যৌতুক গ্রহণ করবেন না এবং যৌতুক প্রদান করবেন না’ মর্মে একটি বন্ড দাখিল করতে হবে।
এ ছাড়া যোগদান কার্যক্রম সুশৃংখলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে অতিথি এবং ব্যক্তিগত গাড়ি আনার বিষয়টি নিরুৎসাহিত করা হয়েছে অফিস আদেশে।
এসএইচ/এফএ




