সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

রেটিনা চিকিৎসায় অবদান রাখায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন ডা. নিয়াজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

রেটিনা চিকিৎসায় অবদান রাখায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন ডা. নিয়াজ
চক্ষু চিকিৎসা ও সার্জারির বিকাশে দীর্ঘদিনের অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক নিয়াজ আবদুর রহমান

বাংলাদেশে আধুনিক ভিট্রিও-রেটিনা চিকিৎসা ও সার্জারির বিকাশে দীর্ঘদিনের অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক নিয়াজ আবদুর রহমান। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মর্যাদাপূর্ণ পেশাজীবী সংগঠন এশিয়া প্যাসিফিক ভিট্রিও-রেটিনা সোসাইটির (এপিভিআরএস) ২০২৬ সালের ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত এপিভিআরএসের সম্মেলনে ডা. নিয়াজের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত গোল্ড কোস্ট কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারের প্রদর্শনী হলের মঞ্চে এ পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভিট্রিও-রেটিনা রোগের চিকিৎসায় দীর্ঘদিনের অসামান্য অবদান, পেশাগত নেতৃত্ব এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ আন্তর্জাতিক পরিসরে রেটিনা চিকিৎসার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশে আধুনিক ভিট্রিও-রেটিনা চিকিৎসা ও অস্ত্রোপচারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে দেশের রেটিনা চিকিৎসাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রেও তার অবদান রয়েছে।

ডা. নিয়াজ আবদুর রহমান বাংলাদেশ আই হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

চক্ষু চিকিৎসায় বিশেষ করে ভিট্রিও-রেটিনা রোগের আধুনিক চিকিৎসা ও সার্জারিতে তার দীর্ঘদিনের অবদানের জন্য এ আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের চিকিৎসা খাতের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডা. নিয়াজ আবদুর রহমানের এই সম্মাননা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চক্ষু চিকিৎসকদের সক্ষমতা ও অবদানের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। একই সঙ্গে আধুনিক ভিট্রিও-রেটিনা চিকিৎসা ও সার্জারিতে বাংলাদেশের অগ্রযাত্রার বিষয়টিও এ পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃশ্যমান হয়েছে।

এসএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর